২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট সমাধানের পথ খুঁজবেন জি-২০ নেতারা

বিশ্ব অর্থনীতিকে রক্ষার উপায় নির্ধারণের লক্ষ্যে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেতারা শুক্রবার ওয়াংশিটনে জড়ো হতে শুরু করেছেন। বিশ্বের ৮৫ শতাংশ অর্থনীতির প্রতিনিধিত্বকারী দেশগুলোর এই সংস্থা অর্থনীতির শোচনীয় দশা সামাল দিতে কী ধরনের পদক্ষেপ নেয় সে দিকেই এখন বিশ্ববাসীর মূল দৃষ্টিপাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

হংকং, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিসিসি)- বিশ্ব অর্থনীতিকে রক্ষার উপায় নির্ধারণের লক্ষ্যে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেতারা শুক্রবার ওয়াংশিটনে জড়ো হতে শুরু করেছেন। বিশ্বের ৮৫ শতাংশ অর্থনীতির প্রতিনিধিত্বকারী দেশগুলোর এই সংস্থা অর্থনীতির শোচনীয় দশা সামাল দিতে কী ধরনের পদক্ষেপ নেয় সে দিকেই এখন বিশ্ববাসীর মূল দৃষ্টিপাত। শনিবার ওয়াশিংটনে সম্মেলন শুরু হচ্ছে। ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত এই জোট। দেশগুলোর মধ্যে ফ্রান্স ছাড়া বাকি সবাই কমবেশি মন্দার কবলে পড়েছে। শূণ্য দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ফ্রান্স কোনক্রমে মন্দায় পড়া থেকে রক্ষা পেয়েছে। ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিও এখন মন্দার কবলে। আশা করা হচ্ছে ওয়াশিংটন সম্মেলনে দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচি নেওয়া হবে। সম্মেলনের আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন মন্দায় কবল থেকে অর্থনীতিকে রক্ষায় বিশ্বব্যাপী কর হ্রাস ও ব্যয় বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "মুদ্রা ও আর্থিকনীতি বিষয়ে সমন্বয়ের গুরুত্ব আমাদের অনুধাবন করা উচিত।" যুক্তরাষ্ট্রের প্রেসডিন্টে জর্জ ডব্লিউ বুশ সম্মেলনের আগে বলেছেন, বিশ্বের এই আর্থিক সংকট মানে পুঁজিবাদী মুক্ত বাণিজ্যের ব্যর্থতা নয়। তিনি বলেন, "কয়েক মাসের সংকট ৬০ বছরের সাফল্যকে মুছে দিক- এরকম চলতে দেওয়া হবে মারাত্মক ভুল।" দেশে দেশে সংকট ঘনিয়ে ওঠার প্রেক্ষাপটে সম্মেলনে যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান ও জার্মানির মতো শিল্পোন্নত দেশ; সেইসঙ্গে থাকছে চীন, ভারত ও ব্রাজিলের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোও। বৃহস্পতিবার এক চিঠিতে জাতিসংঘের মহাসচিব কফি আনান জি-টোয়েন্টির নেতাদের প্রতি অর্থনীতির পতন ঠেকিয়ে "মানবিক বিপর্যয়" থেকে উন্নয়নশীল দেশগুলোকে রক্ষার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫২ ঘ.