লন্ডন, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- নারী-পুরুষের সমান অধিকারের দিক দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের তালিকায় শীর্ষ স্থান দখল করেছে নরওয়ে। এরপর দ্বিতীয় থেকে চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে-- ফিনল্যান্ড, সুইডেন ও আইসল্যান্ড। জরিপের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে 'ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম'।
জরিপের ফলে ফোরাম জানিয়েছে, বিশ্বব্যাপী রাজনৈতিক, শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য কমেছে। কিন্তু ব্যবধান বেড়েছে স্বাস্থ্যের দিক দিয়ে।
বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট সমাধানে সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে নারীর আরও বৃহত্তর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ফোরাম।
ফোরামের প্রতিষ্ঠাতা এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান ক্লাউস সচওয়াব বলেন, "সরকারি এবং আর্থিক প্রতিষ্ঠানে নেতৃত্বের শীর্ষ পদে নারীর অবস্থান শুধু বর্তমান আর্থিক সংকট সমাধানে নয় ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে সহায়তা করবে।"
নারী অধিকারের দিক দিয়ে ১৩০টি দেশের মধ্যে নরওয়ে গত বছর তৃতীয় অবস্থানে থাকলেও এবার তারা প্রথম স্থানে উঠে এসেছে। গত বছর শীর্ষস্থানে ছিল সুইডেন।
অন্যদিকে, এক্ষেত্রে পতন ঘটেছে যুক্তরাজ্যের। ১১তম স্থান থেকে তারা এবার ১৩তম স্থানে নেমে গেছে। আর অর্থনৈতিক অংশীদারিত্ব এবং রাজনীতির ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন বাড়ানোর মধ্য দিয়ে ৫১তম স্থান থেকে অভূতপূর্ব উত্তরণ ঘটিয়ে ১৫তম স্থানে চলে এসেছে ফ্রান্স।
তালিকের সর্বনিম্নে ১৩০তম অবস্থানে আছে ইয়েমেন। আর নিচের দিকে পর্যায়ক্রমে আছে চাদ, সৌদি আরব, পাকিস্তান ও বেনিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/ু২০৫৫ ঘ
bdnews24