টোকিও, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা চলতি বছর মার্চ মাসে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে করে আগামী চার বছরের মধ্যে কিয়োটো প্রটোকলের লক্ষ্য অর্জনে বিব্রতকর ব্যর্থতার ঝুঁকির মুখে রয়েছে বিশ্বের পঞ্চম-বৃহত্তম কার্বন-ডাই অক্সাইড নির্গমনকারী এই দেশটি।
গত বছর জাপানে গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ। এর জন্য অনেকাংশে দায়ী জাপানের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়া। ভুমিকম্পের পর কেন্দ্রটি বন্ধ করে দিতে হয়েছিল।
কার্বন নির্গমন বৃদ্ধির কারণে স্বেচ্ছাসেবী পদক্ষেপের মধ্য দিয়ে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের প্রচেষ্টা পরিহারে সরকারের ওপর চাপ বাড়ল। সরকারকে এখন শিল্প প্রতিষ্ঠানের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হতে পারে। যেমনটি করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ায়।
কার্বন নির্গমন কমাতে জাপান সরকারের সদিচ্ছা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলছে উন্নয়নশীল দেশগুলো। কেননা যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের মতো শীর্ষ গ্রিনহাউজ গ্যাস নির্গমনকারী দেশগুলো কিয়োটো প্রটোকলের বাইরে থাকায় জাপানের ভূমিকাকে খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল।
জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অর্থবছরে কার্বন নির্গমন ১ দশমিক ৩ শতাংশ হ্রাসের পর চলতি বছরে আবার তা বেড়ে ১ দশমিক ৩৭১ বিলিয়ন মেট্রিক টনে পৌঁছেছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, কিয়োটো প্রটোকলের আওতায় ২০১২ সালে মধ্যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে জাপানকে এখন গ্রিনহাউস গ্যাস নির্গমন সাড়ে ১৩ শতাংশ কমাতে হবে। আর তা করতে হলে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
টোকিও ভিত্তিক পরিবেশ বিষয়ক বেসরকারি সংস্থা ইন্সস্টিটিউট ফর সাসটেইনেবল অ্যানার্জি পলিসিস (আএসইপি) এর নির্বাহী পরিচালক টেতসুনারি আইইডা বলেন, "আরও বেশি পরিবেশ সহায়ক সমাজ গঠনে আমাদের এখুনি কার্যকর নীতি গ্রহণ করা প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৩৫ ঘ.
bdnews24