খার্তুম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধের সম্ভাব্য অভিযোগের মুখে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির মঙ্গলবার গোলযোগপূর্ণ প্রদেশ দারফুরে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন।
কিন্তু দারফুরের অন্যতম প্রধান বিদ্রোহী গ্র"প 'জাস্টিস অ্যান্ড ইক্যুয়ালিটি মুভমেন্ট' (জেইম) বলেছে, "যুদ্ধবিরতির এ ঘোষণা আন্তরিক নয়।" সরকারের কাছ থেকে ক্ষমতা ও সম্পদ সমানভাবে ভাগাভাগির আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
বশির বলেন, সুদানের পশ্চিমে দারফুরের বিশাল এলাকায় বিদ্রোহিদের নিরস্ত্র করতে তার সরকার অবিলম্বে প্রচার শুরু করবে। দারফুরে গণহত্যার দায়ে গত জুলাই মাসে আইসিসির প্রধান কৌসুলি প্রেসিডেন্ট বশিরকে অভিযুক্ত করেন।
বুধবার এক ভাষণে বশির বলেন, "দারফুরে সরকারি বাহিনী এবং বিদ্রোহিদের মধ্যে আমরা নিঃশর্ত যুুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছি।"
অন্যদিকে, জেইম'র ডেপুটি জেনারেল কমান্ডার সুলেইমান সান্দাল টেলিফোনে এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, "আমরা মিছামিছি যুদ্ধবিরতি মেনে নিতে পারি না।"
সুদান সরকার এবং বিরোধীদের সংগঠন 'সুদান পিপলস্ ফোরাম' এর সুপারিশে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। দারফুরের বিদ্রেহিরা এই ফোরম বয়কট করেছে।
এছাড়া দারফুরের রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়ে ফোরাম সুপারিশ করলেও এ বিষয়ে প্রেসিডেন্ট বশির কোনো ঘোষণা দেননি।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ২০০৩ সালে দারফুরে সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে এ পর্যন্ত প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ২৫ লাখ মানুষ। তবে নিহতের সংখ্যা দশ হাজার হতে পারে বলে দাবি করে বশির সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৫৫ ঘ.
bdnews24