রামাল্লাহ, পশ্চিম তীর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হামাসের সঙ্গে ক্ষমতার লড়াই অবসানে গণভোট আহ্বান করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক শোকসভায় মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।
আরাফাতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রামাল্লার পশ্চিম তীরে হাজার হাজার মানুষ ভীড় করে। গত বছর হামাস গাজা দখলের পর থেকে ইয়াসির আরাফাতের স্মৃতিস্তম্ভ নিষিদ্ধ করে রেখেছে।
গাজা দখলকারী হামাস এবং পশ্চিম তীর নিয়ন্ত্রণকারী আব্বাসের মধ্যে গত সপ্তাহে সংহতি স্থাপনের প্রচেষ্টা ভেঙে পড়ার পর থেকে দুপক্ষ একে অপরকে দোষারোপ করে আসছে। ফাতাহর কাছে বন্দিদে মুক্তি দেওয়ার দাবিতে হামাস আলোচনা বয়কটের সিদ্ধান্ত নিলে মিসর হামাস-ফাতাহ সংহতি আলোচনা পিছিয়ে দেয়। ফলে মিসরের মধ্যস্থতায় আলোচনা গত সপ্তাহে ভেঙে যায়।
নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে দুপক্ষের মধ্যে বড় ধরনের বিরোধ দেখা দিয়েছে। গাজা ও পশ্চিম তীরে একইসঙ্গে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন আব্বাস।
ওদিকে, হামাস ৯ জানুয়ারীর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন দাবি করেছে। তারা আগাম পার্লামেন্ট নির্বাচনের বিরোধিতা করছে। ২০০৬ সালে পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে হামাস। ফলে পুরো ৪ বছর মেয়াদে ২০১০ সাল পর্যন্ত তারা পার্লামেন্টে থাকার দাবি জানিয়েছে।
এ পরিস্থিতিতে আব্বাস নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্তের ভার জনগণের ওপর ছেড়ে দিতে গণভোট ডেকেছেন। তিনি বলেন, "হামাস আত্মবিশ্বাসী হলে নির্বাচন মেনে নেবে। আর না হলে আমরা গণভোটে যাব।"
তিনি আরও বলেন, "আগাম প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন হওয়া উচিত কিনা-- সে সিদ্ধান্ত নিতে এবং "এ সংকট সমাধানে আমরা জনগণের কাছে যাব"।
অন্যদিকে হামাস বলছে, "ফাতাহ'র নেতা হওয়ার কারণে আব্বাসের ওপর ফিলিস্তিনিদের আর কোনও আস্থা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৪৬ ঘ.
bdnews24