২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট কারাগারে

তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট চেন সুই বিয়ানকে অর্থ পাচারের অভিযোগে বুধবার আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 09:53 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

তাইপে, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট চেন সুই বিয়ানকে অর্থ পাচারের অভিযোগে বুধবার আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। এর আগে দীর্ঘ জেরার পর মঙ্গলবার চেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। চেন ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তাইওয়ানের প্রেসিডেন্ট ছিলেন। তাইপে জেলা আদালত জানায় ঘুষ, জালিয়াতি, অর্থপাচার এবং বেআইনিভাবে রাষ্ট্রীয় সম্পত্তি দখলে রাখার অভিযোগে চেনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। চেন এসব অভিযোগ অস্বীকার করেছেন। আদালত এক বিবৃতিতে বলে, " জিজ্ঞাসাবাদের পর চেনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর বলে মনে করছে আদালত।" আরও বলা হয়, "প্রমাণাদি ধামাচাপা, অতিরঞ্জন বা বদলে ফেলা হয়েছে এবং সন্দেহভাজন ও প্রত্যক্ষদর্শীদের মধ্যে ষড়যন্ত্রের ঘটনাও ঘটেছে বলে বিশ্বাস করার মতোও যথেষ্ট কারণ রয়েছে।" তবে চেন নিজেকে নির্দোশ বলে দাবি করে বলেছেন, ক্ষমতাসীন কেএমটি পার্টির প্রভাবের কারণেই তদন্ত প্রতিবেদনে এ ধরনের ফলাফল এসেছে। সাবেক প্রেসিডেন্ট চেনের পরিবার অন্ততপক্ষে ১ বিলিয়ন তাইওয়ানি ডলার (৩০ দশমিক ৪ মিলিয়ন ইউএস ডলার) জাপান, যুক্তরাষ্ট্র, কেইমান দ্বীপপুঞ্জ, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের কৌঁসুলির কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে তাইওয়ানের পত্র-পত্রিকাগুলো একথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫৪৩ ঘ.