২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি শিল্পে বুশের সহায়তা চাইলেন ওবামা

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট মোকাবেলায় দ্বিতীয় উদ্ধার প্যাকেজ পাস করাতে এবং প্রথম প্যাকেজের আওতায় দুর্বল গাড়ি শিল্পকে সাহায্য করতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বারাক ওবামা। ওবামার এক সহযোগী মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

শিকাগো, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট মোকাবেলায় দ্বিতীয় উদ্ধার প্যাকেজ পাস করাতে এবং প্রথম প্যাকেজের আওতায় দুর্বল গাড়ি শিল্পকে সাহায্য করতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বারাক ওবামা। ওবামার এক সহযোগী মঙ্গলবার একথা জানিয়েছেন। ওবামার এক মুখপাত্র জানান, হোয়াইট হাউসে বুশের সঙ্গে বৈঠকের সময় ওবামা বিয়ষটি উত্থাপন করেছেন। গত ৪ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বুশের আমন্ত্রণে সোমবার হোয়াইট হাউসে যান ওবামা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মিশেল ওবামা এবং দুই মেয়ে মালিয়া ও সাসা। প্রেসিডেন্ট বুশ ও ফার্স্ট লেডি লরা বুশ তাদের অভ্যর্থনা জানান। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ওবামার সঙ্গে ওভাল অফিসে এক ঘণ্টারও বেশি সময় ধরে একান্তে আলোচনা করেন বুশ। ওয়াশিংটন থেকে শিকাগোতে ফেরার পথে বিমানে ওবামার মুখপাত্র রবার্ট গিবস জানান, গাড়ি শিল্পকে সহায়তার বিষয়ে বৈঠকে ওবামা ও বুশের মধ্যে আলোচনা হয়েছে। তবে ওবামা কোনো নির্দিষ্ট গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে সহযোগিতা করার আহ্বান জানাননি। এছাড়া ওবামার অন্য এক সহযোগী মঙ্গলবার বলেন, "দ্বিতীয় একটি উদ্ধার প্যাকেজ এবং বর্তমানে প্যাকেজের আওতায় গাড়ি শিল্পকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন ওবামা।" তবে এ মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে ওই সহযোগী বিস্তারিত কিছু বলেননি। যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান- জেনারেল মোটর, ফোর্ড ও ক্রাইসলারকে সংকট থেকে রক্ষা করতে বুশ প্রশাসনের কাছে কোটি কোটি ডলারের সাহায্য চাওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষায় বিপুল পরিমাণ সাহায্য-তহবিল ছাড় করতে বাধ্য হওয়া প্রশাসন বলেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিপর্যয়ের কবল থেকে বাঁচাতে মার্কিন করদাতাদের বারবার এগিয়ে আসা সম্ভব নয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাঁচানোর জন্য নেওয়া তহবিলের অর্থ অন্য ব্যবসা-প্রতিষ্ঠানকে রক্ষায় কাজে লাগানো হবে কি-না সে ব্যাপারে বুশ প্রশাসন এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। কিছুদিন আগে জেনারেল মোটর কোম্পানি ক্রাইসলারের সঙ্গে সম্ভাব্য একীভূত হওয়ার ব্যাপারে আর্থিক সাহায্য চাইলে বুশ প্রশাসন তা ফিরিয়ে দেয়। জেনারেল মোটর, ফোর্ড ও ক্রাইসলারের নগদ অর্থ দ্রুত উবে যাচ্ছে। প্রতিষ্ঠান তিনটি এ জন্য ব্যাংকগুলোর ঋণপ্রবাহ কমে যাওয়াকে দায়ী করেছে। ঋণপ্রবাহ কমে যাওয়ায় কর্পোরেট থেকে ভোক্তা পর্যায়ে ঋণ পাওয়া কমে গেছে। ফলে গাড়ি বিক্রি ও এতে বিনিয়োগ কমে গিয়ে নগদ অর্থ সংকটের চরমে রয়েছে এই তিন বিশাল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। তারা এখন টিকে থাকার জন্য কেন্দ্রের কাছে যত দ্রতসম্ভব কমপক্ষে ২৫ বিলিয়ন ডলার ঋণের জন্য হাত পেতেছে। মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিক- দু'দলের সদস্যরাই যুক্তি দেখিয়েছেন, জিএম, ফোর্ড ও ক্রাইসলার এত বিশাল কোম্পানি যে তাদের ধ্বংস হতে দেওয়া যায় না। যুক্তরাষ্ট্রে এই তিন প্রতিষ্ঠানে কাজ করে আড়াই লাখের বেশি কর্মী; আর এদের ওপর ভর করে জীবিকা নির্বাহ করে আরও ৪০ লাখের বেশি মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১২০ ঘ.