জাকার্তা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প প্রবণ দেশ ইন্দোনেশিয়া মঙ্গলবার থেকে উচ্চ-প্রযুক্তির নতুন আগাম সুনামি সতর্কতা ব্যবস্থা চালু করেছে। সুনামির সম্ভাবনা আঁচ করা এবং দ্রুত সতর্ক সংকেত দেওয়াই এর লক্ষ্য।
ভূমিকম্প প্রবণ 'প্যাসিফিক রিং অব ফায়ার' এ প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়ার অবস্থান। চার বছর আগে ভূমিকম্প পরবর্তী সুনামিতে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে প্রায় এক লাখ ৭০ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়েছিল।
ওই সুনামির পর থেকে ইন্দোনেশিয়া কিছু সতর্কতা ব্যবস্থা চালু করেছে। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশটিতে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে এখনো কাজ চলছে এবং অনেক অঞ্চল এখনো এই প্রস্তুতির বাইরে রয়ে গেছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সসহ বিভিন্ন বিদেশি সংস্থার সহযোগিতায় চালু হওয়া নতুন সুনামি সতর্কতা ব্যবস্থায় সমুদ্র তলদেশ এবং উপকূলে স্থাপিত উচ্চ-প্রযুক্তির যন্ত্রপাতির সাহায্যে ভূমিকম্প সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে। এরপর এই সমস্ত তথ্য স্যাটেলাইটের মাধ্যমে দ্রুত সুনামি সতর্কতা কেন্দ্রে পাঠানো হবে।
জাকার্তায় কেন্দ্রটির উদ্বোধন অনুষ্ঠানে জার্মান পার্লামেন্টের স্টেট সেক্রেটারি টমাস রাসেল বলেন, "আজ আমরা বিশ্বের সবচেয়ে উচ্চ-প্রযুক্তির সুনামি সর্তকতা ব্যবস্থা কেন্দ্র চালু করছি। এর সাহায্যে অনেক আগেই সুনামি সতর্কতা জারি করা সম্ভব হবে এবং তা অনেকটা সঠিকভাবেই করা যাবে।" ২০১০ সাল থেকে কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হবে।
২০০৪ সালের প্রলয়ঙ্করী সুনামির পর ভারত মহাসাগরীয় অঞ্চলের অনেক দেশেই সুনামি সতর্কতা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০৫ ঘ.
bdnews24