২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশেল ওবামাকে হোয়াইট হাউসের টিপস দিলেন লরা বুশ

মিশেল ওবামাকে হোয়াইট হাউসে থাকার, বিশেষ করে বাচ্চা সামলানোর টিপস দিয়েছেন ফার্স্টলেডি লরা বুশ। সোমবার ওবামা সপরিবারে হোয়াইট হাউসে গেলে ভাবী ফার্স্টলেডি মিশেল ও দুই মেয়েকে তাদের ভবিষ্যৎ বাসভবন ঘুরিয়ে দেখান লরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 10:43 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ওয়াশিংটন, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিশেল ওবামাকে হোয়াইট হাউসে থাকার, বিশেষ করে বাচ্চা সামলানোর টিপস দিয়েছেন ফার্স্টলেডি লরা বুশ। সোমবার ওবামা সপরিবারে হোয়াইট হাউসে গেলে ভাবী ফার্স্টলেডি মিশেল ও দুই মেয়েকে তাদের ভবিষ্যৎ বাসভবন ঘুরিয়ে দেখান লরা। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়ার ছ'দিনের মাথাতেই প্রেসিডেন্ট বুশের আমন্ত্রণে সোমবার সপরিবারে হোয়াইট হাউসে যান বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের ভাবী 'ফার্স্ট ফ্যামিলিকে' অভর্থ্যনা জানানোর পর বুশ দম্পতির সঙ্গে ওবামা দম্পতি ও তাদের দুই মেয়ে ১০ বছর বয়সী মালিয়া ও ৭ বছর বয়সী সাশা একসঙ্গে হোয়াইট হাউসের ভেতরের খানিকটা ঘুরে দেখেন। এরপর ওবামাকে নিয়ে ওভাল অফিসে বৈঠক করতে যান বুশ। এসময় ভাবী ও বর্তমান ফার্স্ট লেডি বাচ্চাদের নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ঘুরে দেখতে যান। লরা বুশ এবং মিশেল ওবামার এটাই প্রথম সাক্ষাৎ। তারা একসঙ্গে যে ঘরগুলোতে সময় কাটিয়েছেন সেগুলো ওবামা কন্যা মালিয়া ও সাশার বেডরুম হতে পারে। লরা বুশের মুখপাত্র সাংবাদিকদের জানান, "তারা বাচ্চাদের নিয়ে কথা বলেছেন এবং ফার্স্ট লেডি কিভাবে হোয়াইট হাউসে থাকার ঘরগুলোর সাজসজ্জা পরিবর্তন করতে পারেন সেসব বিষয় নিয়ে কথা বলেন।" মুখপাত্র আরও জানান, ছোট মেয়েদের নিয়ে হোয়াইট হাউসে বাস করার ব্যাপারে মিসেস ওবামাকে পরামর্শ দিয়েছেন মিসেস বুশ। সেইসঙ্গে নিজের মেয়েদের নিয়ে সেখানে থাকার অভিজ্ঞতাও বর্ণনা করেছেন তিনি। বুশ দম্পতির দুই মেয়ে জেনা ও বারবারা বুশ তাদের কৈশোরের অনেকটা সময় হোয়াইট হাউসে কাটিয়েছে। ওবামার মুখপাত্র রবার্ট গিবস জানান, ওবামাকে হোয়াইট হাউসের কিছু মূল আকর্ষণের জায়গা ঘুরে দেখান বুশ। এর মধ্যে ছিল প্রেসিডেন্টের ব্যক্তিগত অফিস, কাজের জায়গা এবং সেখানকার জিম বা ব্যয়ামাগারটি। নির্বাচনী প্রচারাভিযানকালে প্রেসিডেন্ট বুশের নীতি বদলে ফেলার যে তীব্র প্রচারণা ওবামা চালিয়েছেন তার কোনো ছাপ বুশ-ওবামার সাক্ষাৎে ছিল কিনা-- এমন এক প্রশ্নের জবাবে ওবামার মুখপাত্র বলেন, তাদের সাক্ষাৎ ছিল আন্তরিক এবং হৃদ্যতাপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬০৭ ঘ.