২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলে নিশ্চুপ ফিনিক্স

ফিনিক্সের সাড়াশব্দ নেই। লোহিতগ্রহ মঙ্গলে পানির নিশ্চিত অস্তিত্বের খবরটি জানিয়ে মানুষকে আশান্বিত করে তোলা অনুসন্ধানী রোবট-যানটি পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ হারিয়ে ফেলেছে। মৃত্যুকে আলিঙ্গনের মাধ্যমে পাঁচ মাসেরও বেশি ধরে গ্রহটিতে তার সফল অভিযানের কার্যত পরিসমাপ্তি ঘটল বলে সোমবার জানিয়েছে নাসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 08:33 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

লস এঞ্জেলেস, ১১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিনিক্সের সাড়াশব্দ নেই। লোহিতগ্রহ মঙ্গলে পানির নিশ্চিত অস্তিত্বের খবরটি জানিয়ে মানুষকে আশান্বিত করে তোলা অনুসন্ধানী রোবট-যানটি পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ হারিয়ে ফেলেছে। মৃত্যুকে আলিঙ্গনের মাধ্যমে পাঁচ মাসেরও বেশি ধরে গ্রহটিতে তার সফল অভিযানের কার্যত পরিসমাপ্তি ঘটল বলে সোমবার জানিয়েছে নাসা। মঙ্গলের তীব্র শীত জাঁকিয়ে বসার পর্যায়ে ধীরে ধীরে পৃথিবীর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে মৃত্যুর দিকে ফিনিক্সের এগিয়ে যাওয়া অবধারিত ছিল। কিন্তু তীব্র ধুলিঝড়ে চলার মতো সৌরশক্তি নিঃশেষ হয়ে যাওয়ায় অনেকটা আকস্মিক ও আগেভাগে থেমে গেল এর পথ চলা। ফিনিক্স মে মাসের শেষ দিকে মঙ্গলের উত্তর মেরুতে অবতরণ করে। গত ২ নভেম্বর সর্বশেষ সংকেত পাঠায় সে। নাসার বিজ্ঞানীরা বলছেন, আরও তিন সপ্তাহ তারা ফিনিক্সের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবেন। তবে তারা ধরেই নিয়েছেন, ফিনিক্স আর জেগে উঠবে না। ৪৭৫ মিলিয়ন ডলার মিশনের সমাপ্তি ঘটেছে। ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরিতে এক সংবাদ সম্মেলনে ফিনিক্স মিশন প্রজেক্টের ব্যবস্থাপক ব্যারি গোল্ডস্টেইন বলেন, "আমরা অভিযান বন্ধ করে দিচ্ছি।" "এ সত্ত্বেও আমরা আমাদের রেডিও-বার্তা চালু রেখে দেখব ফিনিক্স বেঁচে আছে কীনা। তবে এই মুহূর্তে আমাদের দলের কেউই মনে করছেন না সেরকম কিছু ঘটবে।" ২০০২ সালে মিশনটির পরিকল্পনা নেওয়ার পর ২০০৭ সালে যাত্রা শুরু হয় ফিনিক্সের। মঙ্গলের জমে যাওয়া এক মরূভূমিতে এই বছরের ২৫ মে নেমে কাজ করে অনুসন্ধানী যানটি। নিয়মিত সে মঙ্গলে তুষারপাতের মাত্র রেকর্ড করেছে, বরফখণ্ড তুলে নিয়েছে যান্ত্রিক হাতে; যার পরীক্ষায় প্রমাণ মিলেছে পৃথিবীর সাগরের পানির রাসায়নিক গঠনের সঙ্গে এর মিল রয়েছে। বিজ্ঞানীদের উত্তেজনা এতে লাফিয়ে উঠে, ফিনিক্সের আবিস্কার এই সাক্ষ্যই দেয়, একসময় লাল গ্রহটিতে প্রবাহিত জলরাশি প্রাণ-বিকাশের অনুকূল ছিল। মঙ্গল গ্রহে পানি আছে কীনা- বহু বছর ধরে মানুষের এই জল্পনা-কল্পনার অবসান ঘটে গত জুলাইয়ে নাসার ঘোষণায়: ফিনিক্স মঙ্গল-পৃষ্ঠে পানির "স্পর্শ ও স্বাদ" পেয়েছে। ফিনিক্স পৃথিবীতে পাঠিয়েছে ২৫ হাজারেরও বেশি ছবি। অক্টোবরের শেষ দিকে মিশন কন্ট্রোল থেকে ফিনিক্সের তাপ-বর্ধক কয়েকটি যন্ত্রপাতি বন্ধ করে দেয় এর শক্তি রক্ষায়। এভাবে রোবটটির আয়ু বাড়ে আরও দু'মাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪২০ ঘ.