বেইজিং, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আধ্যাত্মিক নেতা দালাই লামা তিব্বতে বৃহত্তর স্বায়ত্তশাসনের আহ্বান জানালেও চীন কখনোই তা মেনে নেবে না। এক চীনা কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।
তিব্বতের ভবিষ্যৎ নিয়ে নির্বাসিত-তিব্বতি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরুর আগে চীন সরকার একথা জানাল।
চীনা কমিউনিস্ট পার্টির ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান ঝু উইকুন জানান, গত সপ্তাহে বেইজিংয়ে আলোচনার সময় দালাই লামার প্রতিনিধিরা তিব্বতের বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য চাপ দিয়েছেন।
নির্বাসিত তিব্বতিদের সঙ্গে চীন সরকারের আলোচনার আগে দালাই লামার প্রতিনিধিরা তিব্বতের স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে সরকারকে একটি স্মারকলিপি দিয়েছিল। তবে এ বিষয়ে চীন যে কোনো ছাড় দিতে রাজি নয় ঝুর এই মন্তব্যে তা পরিস্কার হলো।
বেইজিংয়ে সংবাদ সম্মেলনে ঝু বলেন, "স্বায়ত্তশাসনের নামে জাতিকে বিভক্ত করার দাবি চীন কখনোই মেনে নেবে না।"
তিনি আরও বলেন, "স্বায়ত্তাশাসনের নামে তারা মূলত তিব্বতের স্বাধীনতার একটি আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করতে চাইছে।"
দেশের ধর্মীয় বিষয়গুলো দেখভালের দায়িত্ব ঝুর ডিপার্টমেন্টের।
গত ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দালাই লামার প্রতিনিধিদের সঙ্গে সরকারে যে আলোচনা হয়েছে তা নিয়ে প্রথম সরকারি ভাষ্য ঝুর এই মন্তব্য।
২০০২ সালের পর থেকে তিব্বতি প্রতিনিধিদের সঙ্গে চীন সরকারের এটি ছিল নবম এবং বেইজিংয়ে অলিম্পিক প্রতিযোগিতার পর প্রথম আলোচনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯১৬ ঘ.
bdnews24