তেহরান, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বারাক ওবামার তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে করা বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, তারা মনে করছে মার্কিননীতির বড় কোনো পরিবর্তন হবে না।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে ওবামা জানিয়েছিলেন, পরমাণু অস্ত্র বানানো থেকে ইরানকে বিরত রাখার জন্য অবশ্যই একটি আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, "ইরানের পরমাণু অস্ত্র বানানোর বিষয়টি মেনে নেওয়া যায় না।"
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাসান কাশকাভি পরমাণু কর্মসূচি সম্পর্কে তার দেশের অবস্থান আবারও তুলে ধরে জানিয়েছেন, তাদের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো স্থান নেই।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভ্রান্ত ধারণায় পরিবর্তন চাই আমরা। এটি একেবারেই পরিস্কার যে ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই।"
কাশকাভি আরও বলেন, "ওবামা কি সেই পরিবর্তন আনতে সমর্থ হবেন? আমরা সেটা দেখার অপেক্ষায় আছি।"
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে দাবি করে এসেছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে।
শুক্রবারের সংবাদ সম্মেলনে ওবামা জানান, তার বিজয়ে অভিনন্দন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের লেখা চিঠিটি তিনি পর্যালোচনা করে দেখছেন। চিঠিটির বক্তব্য বুঝে নিয়ে তার যথাযথ প্রত্যুত্তর দেওয়া হবে।
অবশ্য ওবামা এটাও বলেছেন, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণ একইরকম 'হাঁটু-কাপানো' ভঙ্গিতে চলতে পারে না। "আমি মনে করি এ ব্যাপারে আমাদের চিন্তাভাবনা করা উচিত।"
এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বারাক ওবামাকে অভিনন্দন জানিয়ে তাকে মধ্যপ্রাচ্যে মার্কিননীতির "মৌলিক ও গুণগত" পরিবর্তন আনার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮১০ ঘ.
bdnews24