২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল গেরিলাদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান সরকারের

তামিল গেরিলাদের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব সোমবার নাকচ করে দিয়েছে শ্রীলংকা সরকার। 'আত্মসমর্পণ না করলে নির্মূল করে দেওয়া হবে'- একইসঙ্গে এ হুঁশিয়ারি আবারও দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

কলম্বো, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তামিল গেরিলাদের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব সোমবার নাকচ করে দিয়েছে শ্রীলংকা সরকার। 'আত্মসমর্পণ না করলে নির্মূল করে দেওয়া হবে'- একইসঙ্গে এ হুঁশিয়ারি আবারও দিয়েছে সরকার। তামিল গেরিলা দল 'দ্য লিবারেশন টাইগারস অফ তামিল ইলম' (এলটিটিই) রোববার শ্রীলংকা সরকারকে যুদ্ধ বিরতির প্রস্তাব দেয়। সরকার এ প্রস্তাবকে চাতুরি বলে উড়িয়ে দিয়েছে। শ্রীলংকার কৃষিমন্ত্রী মৈথ্রিপালা সিরিসেনা প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের কথার প্রতিধ্বনি করে পার্লামেন্টে বলেন, "সরকার এলটিটিই'র সঙ্গে কোনো ধরনের যুদ্ধ বিরতিতে যাবে না। এলটিটিই'র সঙ্গে আলোচনা করার মতো অবস্থানে আমরা নেই। আমরা তাদের আত্মসমর্পণ করতে বলে দিয়েছি এবং আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।" গত অক্টোবরে কলম্বোতে সিরিসেনার ওপর আত্মঘাতী বোমা হামলা চালায় এলটিটিই। তিনি বেঁচে গেলেও একব্যক্তি নিহত এবং তার ডেপুটিসহ চারজন আহত হয়। বিশেষজ্ঞরা বলছেন, শ্রীলংকার সেনাবাহিনী তামিল গেরিলাদের সদরদপ্তর কিলিনোচ্চির খুব কাছাকাছি অবস্থান করায় এলটিটিইর সঙ্গে আলোচনায় বসার ইচ্ছে নেই সরকারের। ৯/১১ এর পরে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের সন্ত্রাসী তালিকায় এলটিটিই'র নাম থাকায় তাদের কূটনৈতিক যোগাযোগও কমে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬২৫ ঘ.