জোহানেসবার্গ, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়েতে ক্ষমতা ভাগাভাগির সরকার গঠন নিয়ে অচলাবস্থা নিরসনে রোববার দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে ১৫জাতি সম্মেলনে বসেছেন আফ্রিকার দক্ষিণাঞ্চলের নেতারা।
১৫ সদস্য বিশিষ্ট 'সাউদার্ন আফ্রিকান ডেভেলেপমেন্ট কমিউনিটি' বা 'এসএডিসি' এর এ সম্মেলনের উদ্বোধন করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কিগালেমা মোটলানথে বলেন, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং বিরোধীদলীয় নেতা মরগান স্যাঙ্গেরাইয়ের মধ্যে স্বাক্ষরিত ক্ষমতা ভাগাভাগি চুক্তিই ধসে পড়া অর্থনীতির দেশটিকে বাঁচাতে একমাত্র ভরসা।
তিনি বলেন, "১৫ই সেপ্টেম্বর স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটিই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় জিম্বাবুয়ের জনগণকে সাহায্যের জন্য একমাত্র পথ।"
দক্ষিণ আফ্রিকার প্রেেিসডন্ট আরও বলেন, "আমরা আশা করব সংশ্লিষ্ট পক্ষগুলো জিম্বাবুয়ের জনগণকে সবার ওপরে স্থান দিয়ে রাজনৈতক পরিপক্কতার পরিচয় দেবে।"
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এবং জানুপিফ দলের নেতা রবার্ট মুগাবে এবং বিরোধী দল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' এমডিসি'র'নেতা মরগান স্যাঙ্গেরাই উভয়েই এ সম্মেলনে যোগ দিয়েছেন।
জিম্বাবুয়ে সংকট নিয়ে এর আগের আঞ্চলিক সম্মেলনগুলোতেও কোনো সুরাহা হয়নি। এবারও কোনো সুরাহা হবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন সম্মেলনের সঙ্গে সংশ্লিষ্ট কূটনীতিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩৫ ঘ.
bdnews24