২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ান নিয়ে ওবামার সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনআলাপ

তাইওয়ান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 10:34 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

বেইজিং, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/রয়টার্স)- তাইওয়ান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। এ সময় তিনি ওবামাকে জানান, তাইওয়ান ইস্যু সঠিকভাবে সামাল দেওয়া গেলে চীন-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় হবে। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। হু জিনতাও'র উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, "চীন-মার্কিন সম্পর্কের উন্নতির জন্য উভয় দেশেরই উচিত একে অপরের উদ্বেগেরবিষয়টি সম্মানের চোখে দেখা এবং স্পর্শকাতর ইস্যুগুলো, বিশেষ করে তাইওয়ান ইস্যু যথাযথভাবে পরিচালনা করা।।" ওবামা এর জবাবে হু কে বলেন, "যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এখনকার আন্তর্জাতিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ।" চীনে মাও সে তুঙের নেতৃত্বে ১৯৪৯ সালে কমিউনিস্ট বিপ্লবের পর শাসক চিয়াং কাই শেক এর মার্কিন-সমর্থিত সরকার তাইওয়ানে পালিয়ে যায়। চীন তখন থেকেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। ওবামার জয়লাভের পর হু তাইওয়ানের কাছে ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছেন। তাছাড়া, গত মাসে চীন তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির পরিকল্পনার নিন্দা জানায়। সেইসঙ্গে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক লেনদেন বন্ধেরও দাবি জানায়। কিন্তু যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারাভিযানের সময় ওবামা তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি সমর্থন করেছিলেন। ১৫ নভেম্বর অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ওয়াশিংটন যাওয়ার কথা রয়েছে চীনা প্রেসিডেন্টের। এ সময় হু'র কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করার কথা থাকলেও ওবামার সঙ্গে বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪৩ ঘ.