মস্কো, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রশান্ত মহাসাগরে রাশিয়ার একটি পরমাণু সাবমেরিন দুর্ঘটনায় আরোহীদের ২০ জনেরও বেশি নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছে। রুশ নৌবাহিনী রোববার একথা জানিয়েছে।
২০০০ সালে সাবমেরিন কুরস্ক ডুবে যাওয়ার পর এটাই রাশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন দুর্ঘটনা। কুরস্ক দুর্ঘটনায় আরোহী ১১৮ নাবিকের সবাই নিহত হয়।
রুশ নৌবাহিনীর মুখপাত্র আইগর দিয়াগালো জানান, দুর্ঘটনার সময়ে সাবমেরিনটিতে ২০৮ জন ক্রু ছিল এবং মহড়ার সময় অগ্নি নির্বাপক ব্যবস্থা চালু করতে গেলে ওই দুর্ঘটনা ঘটে। তবে সাবমেরিনটির পরমাণু চুল্লিটি অক্ষত এবং এর বিকিরণ মাত্রা স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
নৌবাহিনীর ওই মুখপাত্র টেলিফোনের মাধ্যমে জানান, "নিয়মিত মহড়ার সময় অগ্নি নির্বাপক যন্ত্রের অস্বাভাবিক ক্রিয়ার ফলে প্রশান্ত মহাসাগরে একটি পরমাণু সাবমেরিন দুর্ঘটনায় ২০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।"
তিনি আরও বলেন, "সাবমেরিনটির পরমাণু চুল্লির অংশ ঠিকমত কাজ করছে এবং জাহাজে বিকিরণ মাত্রা স্বাভাবিক রয়েছে।"
সাবমেরিনটি কোন শ্রেণীর এর নাম কি এবং ঠিক কোন জায়গায় সেটা অবস্থান করছিল সেসব জানাননি ওই মুখপাত্র। তবে নিহতদের মধ্যে জাহাজ নির্মাণ কম্পানির কয়েকজন লোক রয়েছে বলে তিনি জানিয়েছেন।
ওদিকে, ক্রেমলিন প্রেস সার্ভিস জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভাদেভ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ ঘটনার পূর্ণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৫০ ঘ.
bdnews24