২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার সংবাদ সম্মেলন শুক্রবার

যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বারাক ওবামা শুক্রবার প্রথম সংবাদ সম্মেলন করবেন। একইদিনে অর্থনীতি বিষয়ে একদল বিশেষজ্ঞের সঙ্গেও তিনি বৈঠক করবেন যাদের মধ্যে কয়েকজনকে তার প্রশাসনে অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 08:33 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

শিকাগো, ৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বারাক ওবামা শুক্রবার প্রথম সংবাদ সম্মেলন করবেন। একইদিনে অর্থনীতি বিষয়ে একদল বিশেষজ্ঞের সঙ্গেও তিনি বৈঠক করবেন যাদের মধ্যে কয়েকজনকে তার প্রশাসনে অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তিরিশের দশকের মহামন্দার পর বর্তমানে সবচেয়ে তীব্র সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে মার্কিন অর্থনীতি। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সংকট নিয়েই ওবামা আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউজে প্রবেশ করবেন। অর্থনীতির গতি ফেরাতে তিনি কতটা কী করতে পারেন তা নিয়ে উদ্বেগ রয়েছে বিভিন্ন মহলে। ওয়াল স্ট্রিটে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সূচকের পতন ঘটে। ডাও জোনসে এক ধাক্কায় ৪৪৩ দশমিক ৪৮ পয়েন্ট অর্থাৎ ৪ দশমিক ৮৫ শতাংশ পতন হয়। আগের দিন হারিয়েছিল ৫ শতাংশ তথা ৫০০ পয়েন্ট। ওবামা কবে তার অর্থমন্ত্রীর নাম ঘোষণা করবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ইতিমধ্যেই তিনি তার প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ 'চিফ অব স্টাফ' পদে র‌্যাম এমানুয়েলের নাম ঘোষণা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, "আমি প্রথমেই এই পদে নিয়োগের ঘোষণা দিলাম কারণ বিভিন্ন কর্মসূচি এগিয়ে নিতে একজন প্রেসিডেন্ট ও তার প্রশাসনের জন্য চিফ অব স্টাফ কেন্দ্রীয় ভূমিকা রাখেন এবং আমি এ পদে এমানুয়েলের চেয়ে অন্য কাউকে যোগ্য খুঁজে পাইনি।" ওবামার নিজরাজ্য ইলিনয় থেকে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলীয় সদস্য এমানুয়েল সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়েও হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪১৭ ঘ.