২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে মার্কিননীতি বদলান: ওবামার প্রতি আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভিনন্দন জানিয়ে তাকে মধ্যপ্রাচ্যে মার্কিননীতির "মৌলিক ও গুণগত" পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 07:46 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

তেহরান, ৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভিনন্দন জানিয়ে তাকে মধ্যপ্রাচ্যে মার্কিননীতির "মৌলিক ও গুণগত" পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত বার্তায় আহমাদিনেজাদ বলেন, "ব্যাপক ভোট পাওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আপনি আমেরিকার নিঃস্বার্থ সংখ্যালঘু মানুষের আশা-আকাঙ্খা ও ন্যায়বিচারের প্রত্যাশা পূরণকে অগ্রাধিকার দেবেন।" যুক্তরাষ্ট্রে ক্ষমতার এই পরিবর্তনের মাধ্যমে "বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার আচরণ ও রাজনীতির মৌলিক ও গুণগত পরিবর্তন সূচিত হলে ইরান স্বাগত জানাবে" বলে মন্তব্য করেন তিনি। আমেরিকার কাছে কট্টরপন্থী হিসেবে পরিচিত ইরানের প্রেসিডেন্ট আশা করছেন, ওবামা যুক্তরাষ্ট্রের "যুদ্ধপ্রবণ" রাজনীতির অবসান ঘটাবেন। "যুদ্ধপ্রবণ রাজনীতি, দখলদারিত্ব, বৈষম্যমূলক নীতিমালা চাপিয়ে দেওয়াসহ কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ হোক তা অন্যদেশগুলোও চায়" - মন্তব্য করেন আহমাদিনেজাদ। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমের বিরোধ মীমাংসায় তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় বসতে পারে বলে ওবামা ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন। তবে একইসঙ্গে তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে। ইরানে ইসলামিক বিপ্লবের মাধ্যমে মার্কিন মদদপুষ্ট রেজা শাহ পহলবীর শাসন অবসানের পরপরই তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। সেই থেকে তেহরানের পারমাণবিক কর্মসূচিসহ অনেক বিষয়ে চরম তিক্ততা বিরাজ করছে দেশ দুটির মধ্যে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সন্দেহ ইরান পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, জ^ালানি শক্তি বাড়ানোই তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য। বুশ প্রশাসন ইরানকে "শয়তানের অক্ষচক্রের" অন্যতম দেশ হিসেবে চিহ্নিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/০১২৯ ঘ.