২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার নামে শিশুদের নামকরণের হিড়িক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা জয়ী হওয়ার পর তার নামে নবজাতক শিশুদের নামকরণের হিড়িক পড়ে গেছে। এ চিত্র শুধু ওবামার পূর্ব পুরুষদের আদিনিবাস কেনিয়ায় নয়, যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 08:55 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

কিসুমু, কেনিয়া, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা জয়ী হওয়ার পর তার নামে নবজাতক শিশুদের নামকরণের হিড়িক পড়ে গেছে। এ চিত্র শুধু ওবামার পূর্ব পুরুষদের আদিনিবাস কেনিয়ায় নয়, যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার পূর্ব পুরুষদের নিবাস ছিল কেনিয়ার পশ্চিমাঞ্চলের নিয়ানজা প্রদেশে। সেখানে কিসুমুর প্রাদেশিক জেনারেল হাসপাতালে কয়েকজন মা নবজাতক শিশুর নাম রেখেছেন তার নামে। ওই মায়েরা রয়টার্স টেলিভিশনকে জানান, তারা চান তাদের সন্তানেরা বড় হয়ে ওবামার মতো সাফল্য অর্জন করুক। নবজাতক বারাক ওবামার গর্বিত মা ন্যান্সি ওটিয়েনো বলেন, "আমি চাই তার বয়স ৪০ এর কোঠায় পৌঁছালে সে এই দেশের প্রেসিডেন্ট হবে।" যুক্তরাষ্ট্রের ভাবী ফার্স্ট লেডির নামও বেছে নিয়েছেন এক মা। মিলিসেন্ট আকোথ নামের এই মা তার সদ্য ভূমিষ্ঠ মেয়ের নাম রেখেছেন 'মিশেলে ওবামা'। শুধু কেনিয়ায় নয় যুক্তরাষ্ট্রেও ওবামার নামে শিশুদের নাম রাখা শুরু হয়েছে। মায়ামি হেরাল্ড জানায়, সাউথ ফ্লোরিডার প্যাট্রিক ও সাশা হল দম্পতি তাদের সন্তানের নাম রেখেছেন ওবামা হল। ওয়েব সাইট নধনুহধসবং.পড়স অনুযায়ী 'বারাক' অর্থ পবিত্র। ওবামা নামটি ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচিত-নতুন প্রেসিডেন্টের প্রপিতামহের নাম এবং তার দাদার আমল থেকে এটা তাদের পারিবারিক পদবিতে পরিণত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪১০ ঘ.