হাভানা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী বারাক ওবামাকে 'বুদ্ধিমান' বলে প্রশংসা করলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো (৮২)।
কাস্ত্রো মঙ্গলবার বলেন, এ নির্বাচনে কোনো পক্ষের প্রতিই তার সমর্থন ছিল না। তবে ওবামাকে "অনেক বেশি বুদ্ধিমান" এবং জন ম্যাককেইনকে 'বুড়ো ও প্রতিহিংসা পরায়ণ' বলে মনে হয়েছে তার কাছে।
কিউবার রাষ্ট্রীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক কলামে তিনি এসব কথা লেখেন। এতে তিনি বলেন, মঙ্গলবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কোনো প্রার্থীর বিশ্বের বড় সমস্যাগুলো নিয়ে কোনো মাথাব্যথা ছিল না। তাদের প্রচারাভিযানের লক্ষ্য ছিল "রক্তচোষা ও লুটেরাদের রাজা" হওয়া।
কাস্ত্রো লিখেছেন, ওবামা, "সন্দেহাতীতভাবে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক বুদ্ধিমান, সভ্য এবং শান্ত।"
অন্যদিকে রিপাবলিকান জন ম্যাককেইন সম্পর্কে লিখেছেন, "বৃদ্ধ, প্রতিহিংসাপরায়ণ, অসভ্য, বেশি বুদ্ধিমান নয় এবং স্বাস্থ্যবানও নয়।"
এছাড়াও ব্রাজিলীয় প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভাকে লেখা একটি চিঠির উদ্ধৃতিও কলামটিতে লিখেছেন কাস্ত্রো। ওই চিঠিতে তিনি লুলাকে লিখেন, "যদি ম্যাককেইন নির্বাচনে জয়ী হয়, "তবে যুদ্ধের ভয়বহতা আরও বাড়বে।"
তিনি আরও লেখেন, "এই মতামত যখন প্রকাশিত হবে তখন কারও এটা বলা সুযোগ থাকবে না যে, কোনো প্রার্থীর প্রচারাভিযানে ব্যবহার করার জন্য আমি এমনটা লিখেছি।"
সেইসঙ্গে তিনি লেখেন, "এই নির্বাচনের ক্ষেত্রে আমার নিরপেক্ষ থাকা উচিৎ ছিল এবং আমি তা ছিলাম।"
এছাড়ও তিনি জানান, যুক্তরাষ্ট্রের বর্ণবাদের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং বারাক ওবামার মতো একজন কৃষ্ণাঙ্গকে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন দেওয়াতে অকেনেই 'আশ্চর্যান্বিত' হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩২৯ ঘ.
bdnews24