চণ্ডীগড়, ভারত, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের হিমাচল প্রদেশে মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ৪৬ জন নিহত হয়েছে। রাজ্য সরকারের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
রাজ্য সরকারের এক কর্মকর্তা জানান, চালক 'মিউজিক প্লেয়ারে' গান বদলাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসটি হিমাচল প্রদেশের দুটি পর্যটন এলাকার মধ্যে যাত্রী পরিবহনে নিয়োজিত ছিলো।
সিমলার ডেপুটি কমিশনার যোগিন্দর সিং শর্মা বলেন, "দুর্ঘটনায় ৪৬জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছে। সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। চালক গানের সিডি বদলাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।"
অসতর্কভাবে যানবাহন চালনা ও সড়কের অবস্থা খারাপ হওয়ায় ভারতে সড়ক দুর্ঘটনা প্রতিবছর অনেক প্রাণহানি ঘটে। গত অক্টোবরে আসামে বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৩জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এফএইচবি/০৫৫৩ ঘ.
bdnews24