ফোনিক্স, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের হিস্প্যানিক ভোটারদের ৭৮ শতাংশ জানিয়েছে, এবারের নির্বাচনে তারা ডেমেক্র্যাট প্রার্থী বারাক ওবামা ভোট দেবে। নির্বাচনের আগ মুহূর্তে পরিচালিত এক জনমত জরিপে একথা জানা গেছে।
দ্য ইউনিভিশন/রয়টার্স/জগবি গত ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর এক হাজার ১৬ জন হিস্প্যানিক ভোটারের ওপর এই জরিপ চালিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক জরিপের ফল অনুযায়ী, ৭৮ শতাংশ ভোটার ওবামাকে সমর্থন করে। অন্যদিকে, ম্যাককেইনের পক্ষে আছে মাত্র ১৩ শতাংশ ভোটার।
এক মাস আগেও জগবির জরিপে ওবামার পক্ষে ছিল ৭০ শতাংশ হিসপ্যানিক ভোটার। আর ম্যাককেইনের পক্ষে ২১ শতাংশ।
জরিপে অংশগ্রহণকারীদের ৫৪ ভাগ মনে করে, ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতি ও কর্মসংস্থান। আর স্বাস্থ্যখাত ও অভিবাসন গুরুত্ব পাচ্ছে যথাক্রমে ১২ ও ১১ শতাংশ ভোটারের কাছে।
যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১৫ শতাংশ হিস্প্যানিক। নির্বাচনী ফলাফল নির্ধারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং ফ্লোরিডায় হিস্প্যানিক ভোটারদের সমর্থন গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
২০০৪ সালের নির্বাচনে রেকর্ড সংখ্যক সর্বোচ্চ ৪০ শতাংশ হিস্প্যানিক ভোট পেয়েছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে আর্থিক দুরবস্থা এবং অভিবাসন নিয়ে বিতর্কের কারণে রিপাবলিকানরা এবার হিস্প্যানিক ভোটারদের আরও কম ভোট পাবে বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৪০ ঘ.
bdnews24