২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার জয়ের জন্য কেনিয়ায় দোয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামার জয়ের জন্য দোয়া করছে তার দেশের বাড়ি কেনিয়াবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

কিসুমু, কেনিয়া, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামার জয়ের জন্য দোয়া করছে তার দেশের বাড়ি কেনিয়াবাসীরা। জরিপে এখনও ওবামা এগিয়ে থাকায় নির্বাচনী জ্বরে কাঁপছে কেনিয়া। ওবামার নামে শিশুদের নামকরণসহ রাজধানী নাইরোবির জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছে ওবামার নাম। সবার মুখে মুখে ফিরছে তার প্রশংসাগীতি। নির্বাচনে জিতে ওবামা যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট হলে সেই আনন্দ উদযাপনে ষাঁড় কুরবানী দেওয়ার পরিকল্পনা করেছে তার আত্মীয়রা। কোগেলোর একটি ছোট্ট গ্রামে ওবামার ৮৭ বছর বয়সী দাদীর বাড়িতে ইতোমধ্যেই আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব শুভাকাক্ষী এবং স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের ভিড় জমে গেছে। তাদের সামলাতে সেখানে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আফ্রিকানদের অনেকেরই বিশ্বাস, ওবামা জিতলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্পের দ্বার খুলে যাবে। উন্নত হবে আফ্রিকার দরিদ্রদের জীবনযাত্রামান। ওবামার সৎভাই অ্যাবোঙ্গে মালিক ওবামার উক্তি, " আমার ভাই হয়ত গ্রামের উন্নয়নে সরাসরি ভূমিকা নাও রাখতে পারেন। কিন্তু এখানে এমন অনেক কিছুই আছে যার জন্য তিনি আমাদের পাশে দাঁড়াতে পারেন। জনগণের বিশ্বাস, জীবনযাত্রামান উন্নয়নে ওবামা কোনও পদক্ষেপ নিতে পারেন।" তবে বিশ্লেষকরা বলছেন, ওবামার জয়ে আফ্রিকার কোনও সুবিধা হওয়ার তেমন সম্ভাবনা নেই। তাছাড়া, ওবামার ওই মহাদেশের প্রতি খুব বেশি আগ্রহ থাকারও রেকর্ড নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৮ ঘ.