ওয়াশিংটন, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধের বীর, স্পষ্টবাদী ও রাজনীতিতে স্বতন্ত্র ধ্যানধারণা-এসব অভীধায় অভিহিত করা যায় রিপাবলিকান দল থেকে যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইনকে। তার জীবনের কয়েকটি দিক:
বয়স: ৭২ বছর
জন্মস্থান: পানাম ক্যানাল জোন
শিক্ষা: ইউএস নেভাল একাডেমি, অ্যানাপোলিস; ন্যাশনাল ওয়্যার কলেজ, ওয়াশিংটন
স্ত্রী: সিনডি লোউ হ্যানসলে
সন্তান-সন্ততি: ৭ সন্তান, চার নাতি-নাতনি
ধর্মীয় সংশ্লিষ্টতা: এসিকোপাল চার্চের সঙ্গে জড়িত
পরিবার: ম্যাককেইনের বাবা ও দাদা দুজনেই ছিলেন নৌবাহিনীর অ্যাডমিরাল। তার দাদা জন ম্যাককেইন দ্বিতীয় মহাযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের নৌবহরের নেতৃত্ব দেন এবং রণতরী ইউএসএস মিশৌরি থেকে জাপানের আত্মসমর্পণ প্রত্যক্ষ করেন। তার বাবার নামও জন ম্যাককেইন এবং তিনি দ্বিতীয় মহাযুদ্ধে সাবমেরিনের নাবিক ছিলেন। ভিয়েতনাম যুদ্ধের সময় বাবা ম্যাককেইন যখন ইউএস প্যাসিফিক কমান্ডের নেতৃত্ব দিচ্ছেন সে সময় ভিয়েতনামে যুদ্ধবন্দি হন আজকের ম্যাককেইন।
ক্যারিয়ার: ইউএস নেভাল একাডেমি থেকে স্নাতক পাশ করার পর ২২ বছর নৌবাহিনীতে কাটিয়েছেন ম্যাককেইন। অ্যা-ফোর স্কাইহক জঙ্গি বিমানের পাইলট হিসেবে তিনি ভিয়েতনামে যুদ্ধে নামেন। ১৯৬৭ সালের ২৯ জুলাই মৃত্যুর মুখ থেকে বেঁচে যান। বিমানবাহী রণতরী ইউএসএস ফরেসটালের ওপর অন্য একটি বিমান থেকে দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্র ছুটে গিয়ে তার বিমানের তেলট্যাংকারে আঘাত করলে ভয়াবহ আগুন লাগে। ম্যাককেইন বেঁচে গেলেও নিহত হয় ১৩৪ জন।
ওই বছরের অক্টোবরে ভিয়েতনামে ম্যাককেইনের ২৩তম বোমা হামলা মিশনে গেরিলাদের গুলিতে তার বিমানটি ভূপাতিত হয়। প্যারাসুট নিয়ে লাফ দিলেও দুই হাত ও এক পা ভেঙে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকেন তিনি। গেরিলারা তাকে বন্দি করে। তাকে প্রায়ই পেটানো হতো। বেশিরভাগ সময় কেটেছে নির্জন কারাপ্রকোষ্ঠে। শত্র"পক্ষের একজন অ্যাডমিরালের ছেলে হওয়ায় ভিয়েতনামীরা তাকে আগে মুক্তি দিতে চাইলে ম্যাককেইন তা প্রত্যাখ্যান করেন। সাড়ে পাঁচ বছর বন্দি থাকার পর মুক্তি পান ম্যাককেইন। ১৯৮১ সালে অবসর গ্রহণের আগে তিনি মার্কিন সিনেটের সঙ্গে নৌবাহিনীর যোগাযোগের দায়িত্বে ছিলেন।
জনপ্রতিনিধির দায়িত্ব: ম্যাককেইন ১৯৮২ সালে আরিজোনা থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে সিনেটের একটি আসনে জয়ী হওয়ার পর থেকে এ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ম্যাককেইন প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর জন্য ১৯৯৯ সালে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে জর্জ ডব্লিউ বুশের কাছে হেরে যান।
নির্দলীয় ন্যাশনাল জার্নাল ২০০৭ সালের উদারপন্থী-রক্ষণশীলের তালিকায় ম্যাককেইনকে স্থান দেয়নি। জার্নালটি বলেছে, সিনেট অধিবেশেনে বেশিরভাগ সময়েই তিনি ভোট দানে বিরত থাকায় তাদের মানদণ্ডে তাকে আনা যায়নি। আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন অবশ্য ম্যাককেইনকে '৮২ শতাংশ রক্ষণশীল' হিসেবে চিহ্নিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৪৬ ঘ.
bdnews24