হ্যানয়, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিয়েতনামের মধ্য ও উত্তরাঞ্চলে অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় গত কয়েক দিনে কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার একথা জানিয়েছে।
গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, রাজধানী হ্যানয়ে কমপেক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন শিশুও রয়েছে, যারা স্কুল থেকে ফেরার পথে বন্যার পানিতে ভেসে গেছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর শনিবার গত শনিবার দেশের উত্তরাঞ্চলে নতুন করে বন্যার সতকর্তা জারি করেছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আবহাওয়া বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, উত্তরাঞ্চলের ছয়টি পার্বত্য প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।
ভিয়েতনামে ১৯৮৪ সালের পর সবচেয়ে ভয়াবহ এই বন্যায় ডুবে আছে রাজধানী হ্যানয়ের বহু রাস্তা। কোনও কোনও জায়গা ১ মিটার (ইয়ার্ড) পানির নীচে তলিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও সরকার।
হ্যানয়ের বাসিন্দা ন্যাগুয়েন থু থাইয়ের বাড়িটি শনিবার থেকে পানিতে ডুবে আছে। তিনি বলেন, "খাবর বিশেষ করে সবজির দাম চার পাঁচগুণ বেড়ে গেছে।"
হ্যানয়ে গত শুক্রবার থেকে ৪০০ মিলিমিটার (১৬ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে, থুয়া থিয়েন হু প্রদেশে ভূমিধসে ক্ষয়ে গেছে উত্তর-দক্ষিণ হো চি মিন মহাসড়ক। তবে বন্যার কারণে ভিয়েতনামের কৃষিক্ষেত্রের তেমন ক্ষতি হয়নি বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩৫ ঘ.
bdnews24