হ্যানয়, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিয়েতনাম কর্তপক্ষ শনিবার দেশের উত্তরাঞ্চলে নতুন করে বন্যার সতকর্তা জারি করেছে। এছাড়া প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় গত এক সপ্তাহে মৃতের সংখ্য ২০ এ পৌঁছেছে বলে শনিবার সরকারিভাবে জানানো হয়েছে।
ভিয়েতনামে ১৯৮৪ সালের পর সবচেয়ে ভয়াবহ এই বন্যায় ডুবে আছে রাজধানী হ্যানয়ের বহু রাস্তা। কোনও কোনও জায়গা ১ মিটার (ইয়ার্ড) পানির নীচে তলিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও সরকার।
দেশের উত্তরাঞ্চলে শনিবারও মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত আছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই অবস্থায় উত্তরাঞ্চলের ছয়টি পার্বত্য প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।
সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২৪ অক্টোবর থেকে ৯ টি প্রদেশে শুরু হওয়া বন্যায় ওই প্রাণহানির ঘটনা ঘটে। স্কুল থেকে ফেরার পথে মারা যায় ১১ থেকে ১২ বছর বয়সের তিন ছাত্রী। নিহত অপর শিশুটির বয়স ২ বছর।
এছাড়া, হা থিন প্রদেশে ৭ জন, কুয়াং নাই-এ ৩ জন, নে আন-এ ২ জনের প্রাণহানি ঘটেছে এবং কুয়াং নাম- এ একজন ও ফু ইয়েন প্রদেশে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নে আন প্রদেশে বুধবার থেকে ৩৩০ মিলিমিটার (১৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে, থুয়া থিয়েন হু প্রদেশে ভূমিধসে ক্ষয়ে গেছে উত্তর-দক্ষিণ হো চি মিন মহাসড়ক। তবে বন্যার কারণে ভিয়েতনামের কৃষিক্ষেত্রের তেমন ক্ষতি হয়নি বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২৫ ঘ.
bdnews24