কিনশাসা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ও সংঘাত থেকে হাজার হাজার বেসামরিক লোককে রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার দেশটিতে গেছেন ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনার ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের কিনশাসায় কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলার সঙ্গে বৈঠক করার পাশাপাশি পূর্বাঞ্চলীয় শহর গোমা সফরের কথা রয়েছে। গত সপ্তাহে টুটসি বিদ্রোহীদের অভিযানের কারণে শহরটি হুমকির মুখে পড়েছে।
জেনারেল লর্যাঁ নকুদার অনুগত টুটসি বাহিনীর ওই অভিযানের কারণে পলায়নরত কঙ্গোর সেনাবাহিনীর সদস্যদের বেসামরিক লোকজনকে হত্যা লুটপাটের কারণে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে রুয়ান্ডার সীমান্তবর্তী নর্থ কিভু প্রদেশে পালিয়ে যাচ্ছে।
আরও সহিংসতার আশঙ্কায় লোকজন আশ্রয়, পানি ও খাবারের সন্ধানে মরিয়া হয়ে উঠেছে। সাহায্য সংস্থার কর্মীরা এই অবস্থাকে ভয়াবহ মানবিক বিপর্যয় বলে অভিহিত করেছেন।
টুটসি গেরিলারা লড়াই করে গোমার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর তিনদিন আগে জেনালে নকুদা যুদ্ধবিরতির ঘোষণা দেন। তার বাহিনীর অগ্রাভিযানের কারণে কঙ্গোর সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পিছু হটতে বাধ্য হয়। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন যুদ্ধবিরতি যে কোন সময়ে ভেঙে যেতে পারে।
সংঘাতপূর্ণ অঞ্চল থেকে লোকজনকে আকাশ পথে নিরাপদে নর্থ কিভু প্রদেশের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করবেন ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। এরপর তারা রুয়ান্ডায় গিয়ে প্রেসিডেন্ট পল কাজামের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
কঙ্গো ও রুয়ান্ডা একে অপরের বিরুদ্ধে এ সহিংসতায় বিদ্রোহী গ্র"পগুলোকে মদদ দেওয়ার অভিযোগ করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৪ ঘ.
bdnews24