ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- সন্ত্রাসী হামলার শিকারদের আত্মীয়দের জন্য গঠিত এক মার্কিন তহবিলে মোট দেড়শ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছে লিবিয়া।
মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে।
লকারবি বিমানসহ কয়েকটি সন্ত্রাসী হামলার জন্য অভিযুক্ত লিবিয়াকে এ ক্ষতিপূরণ দিতে হয়েছে।
লিবিয়া প্রথম ৩০ কোটি ডলার শোধ করে গত ৯ অক্টোবর। এর অল্প আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এক ঐতিহাসিক সফওে সেদেশে যান।
গত বৃহস্পতিবার ৬০ কোটি ডলারের দ্বিতীয় ও শুক্রবার আরও ৬০ কোটি ডলারের শেষ কিস্তি দেয় লিবিয়া।
সমঝোতায় যুক্ত মার্কিন কূটনীতিক ডেভিড ওয়েলচ একথা জানান।
১৯৮৮ সালের লকারবি বিমান দুর্ঘটনায় নিহত ২৭০ জনের বেশিরভাগই মার্কিন নাগরিক। মার্কিন বিমান সংস্থা প্যান অ্যাম এর একটি বিমান কথিত লিবীয় সন্ত্রাসবাদীদের বোমায় স্কটল্যান্ডের লকারবি গ্রামে ভেঙে পড়েছিল।
বিপুল অঙ্কের এ ক্ষতিপূরণের বিনিময়ে প্রেসিডেন্ট বুশ সন্ত্রাসবিরোধী মামলা থেকে লিবীয় সরকারকে অব্যাহতি দেওয়ার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ক্ষতিপূরণের অবশিষ্ট মামলাগুলো খারিজ করে দেওয়া হবে।
গত আগস্টে সমঝাতা হলেও টাকা শোধ করতে এত দেরি হলো কেন তা স্পষ্ট নয় বলে সাংবাদিকরা জানিয়েছেন। বিবিসির সংবাদদাতা বলেন, লিবিয়ার লোভনীয় তেল শিল্পে বিনিয়োগ করার আশায় যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো গোপনে এ তহবিলে টাকা সাহায্য দিয়ে থাকতে পারে।
তবে মার্কিন নাগরিকদের দেওয়া করের কোনও অর্থ এর মধ্যে নেই বলে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন।
চুক্তি অনুযায়ী লিবিয়া নিহতদের আত্মীয়দের ক্ষতিপূরণ দিতে সম্মত হলেও ঘটনাগুলোর দায়দায়িত্ব স্বীকার করেনি। দেশটি ইতিমধ্যেই লকারবি ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে ৮০ লাখ ডলার করে দিয়েছে।
আফ্রিকার দেশ চাদে ফরাসী এক বিমান এবং বার্লিনে এক ডিস্কোতে বোমা হামলার জন্য বাকি ক্ষতিপূরণ দেওয়া হবে।
গণবিধ্বংসী অস্ত্র তৈরি বন্ধের ঘোষণা দেওয়ার পর ২০০৩ সালে দীর্ঘদিনের বৈরী লিবিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি হয়। ২০০৬ সালে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে। এর বিনিময়ে লিবিয়াকে সন্ত্রাসে মদদদাতা দেশের তালিকা থেকে বাদ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এমআই/১৩২০ ঘ.
bdnews24