২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমে মেলামাইন পাওয়ার পর চীনে মুরগি নিধন

দুধের পর ডিমে মেলামাইনের খবর ছড়িয়ে পড়ার পর চীনের খামারিরা প্রায় দশ হাজার মুরগি পুড়িয়ে মেরে ফেলেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার একথা জানিয়েছে। এছাড়া সাংহাইতে খামারগুলোতে খাবার পরীক্ষা করা শুরু করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

বেইজিং, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুধের পর ডিমে মেলামাইনের খবর ছড়িয়ে পড়ার পর চীনের খামারিরা প্রায় দশ হাজার মুরগি পুড়িয়ে মেরে ফেলেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার একথা জানিয়েছে। এছাড়া সাংহাইতে খামারগুলোতে খাবার পরীক্ষা করা শুরু করেছে কর্তৃপক্ষ। সাংহাইয়ের পশু সম্পদ দফতর শহরের প্রায় একশ' পশু খাদ্য প্রস্তুতকারী কারখানায় পরীক্ষা চালিয়েছে। এছাড়াও অন্য কারখানাগুলোতে মেলাইনের খোঁজে অভিযান রাখবে বলে তারা জানিয়েছে। চেয়ার বা অন্যান্য জিনিস তৈরিতে প্লাস্টিকের সঙ্গে মেলামাইন মেশানো হয়। তবে পুষ্টি পরীক্ষায় ফাঁকি দেওয়ার জন্য খাবারের সঙ্গে মেলামাইন মেশানো হচ্ছে। চীনে মেলামাইন মিশ্রিত বিষাক্ত দুধ খেয়ে এ পর্যন্ত চার শিশু মারা যাওয়ার এবং হাজার হাজার শিশু অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। দুধে বিষাক্ত রাসায়নিক উপাদান পাওয়ার পর চীনে উৎপাদিত অন্যান্য পানীয় এবং খাবারেও বিষাক্ত উপাদান ধরা পড়ে। সবশেষ ডিমে মেলামাইনের অস্তিত্ব ধরা পড়ে। বিষাক্ত মেলামাইন মিশ্রিত দুধ পান করে চীনে চলতি মাসে কয়েক হাজার শিশু অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে মারাও যায় চার শিশু। তিন হাজার শিশু এখনো হাসপাতালে আছে। এছাড়া, একই কারণে প্রায় ৪০ হাজার শিশুর সমস্যা হলেও তাদের তেমন চিকিৎসার প্রয়োজন হয়নি। অসুস্থ হয়ে পড়া শিশুদের শতকরা ৮০ জনের বয়সই দুই বছরের কম। এরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ চীন থেকে দুগ্ধজাত সামগ্রী আমদানি নিষিদ্ধ ঘোষণা করে। যে সমস্ত দুধে প্রোটিনের মাত্রা কম, পরীক্ষার সময় তা এড়ানোর জন্য এতে সস্তা শিল্প রাসায়নিক মেলামাইন মেশানো হয়। এতে দুধ সুন্দর দেখায় এবং গুণগত মান পরীক্ষার সময় কর্তৃপক্ষের চোখ ফাঁকি দেওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/