জোহানেসবার্গ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও বিরোধী দলীয় নেতাদের মধ্যে ঐকমত্যের সরকার গঠন নিয়ে এখনো বাদানুবাদ চলায় দেশটিতে খাদ্য সংকট তীব্রতর হচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘনকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুক্রবার একথা জানিয়েছে।
মুগাবের সঙ্গে বিরোধীদল এমডিসি নেতা মর্গান স্যাঙ্গেরাইসহ অন্যান্য নেতারা গত মাসে ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে একমত হলেও মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়। একটি ঐকমত্যের সরকার গঠন হলে জিম্বাবুয়ে অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারবে বলে আশার সঞ্চার হয়েছিল।
কৃষিখাত প্রায় ভেঙে পড়ায় দেশটিতে বহুবছর ধরে মাংস, দুধসহ মৌলিক খাবারের সংকট চলছে। জনগণের মধ্যে অপুষ্টি বাড়ছে।
অ্যামনেস্টির জিম্বাবুয়ে বিষয়ক বিশেষজ্ঞ সিমিয়ন মাওয়াঞ্জা একইসঙ্গে জিম্বাবুয়ের মানবাধিকার পরিস্থিতির ওপর প্রতিবেদন প্রকাশ করে বলেছেন, "দু' পক্ষের আলোচনায় মানবাধিকার বিষয়টি গুরুত্ব না পাওয়ায় আমরা উদ্বিগ্ন।"
" রাজনৈতিক বিষয় নিয়ে দলগুলো যখন আলোচনায় ব্যস্ত তখন জিম্বাবুয়ের দরিদ্র মানুষরা তীব্র খাদ্যাভাবের মুখে পড়তে চলেছে। অনেকে এখন বুনো ফলমূল খেয়ে বেঁচে আছে।"
লন্ডনভিত্তিক সংস্থাটি বলেছে, গত জুনের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মারধরসহ মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে তার জন্য এখন পর্যন্ত কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি। যদিও অ্যামনেস্টির নেওয়া সাক্ষাৎকারে বেশিরভাগ নির্যাতিতই বলেছেন, নির্যাতনকারীদের তারা সনাক্ত করতে সক্ষম হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৩২ ঘ.
bdnews24