গৌহাটি, আসাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আসামের রাজধানী গৌহাটি ও অন্য তিনটি শহরে বৃহস্পতিবার প্রায় একই সময়ে চালানো ১১টি বোমা হামলায় নিহতের সংখ্যা ৭৭ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৫ জনে। পুলিশ শুক্রবার একথা জানিয়েছে। কর্তৃপক্ষ এ হামলার জন্য মুসলিম জঙ্গিদের সন্দেহ করছে।
এর আগে হামলার দায় কেউ স্বীকার না করলেও আসামের বিচ্ছিন্নতাবাদী দল উলফা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হয়। আসামে কয়েক দশক ধরেই উলফা বিচ্ছিন্নতাবাদীআন্দোলন চলে আসছে।
তবে পুলিশ শুক্রবার জানিয়েছে, বাংলাদেশ-ভিত্তিক হরকাতুল জিহাদ আল ইসলামি বৃহস্পতিবারের ওই হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে তারা। গত মাসে আসামে বাংলাদেশি মুসলিমদের সঙ্গে আদিবাসীদের দাঙ্গায় ৪৭ জন নিহতের ঘটনার প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।
আসাম পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং আসামের গোয়েন্দা প্রধান রয়টার্সকে বলেছেন, প্রাথমিক তদন্তে আমরা এ হামলার জন্য জিহাদি বাহিনীকে সন্দেহ করছি। জিহাদি বাহিনী স্তঅনয়ি জঙ্গি গ্র"পগুলোর সহায়তায় এ হামলা চালিয়ে থাকতে পারে।
বিচ্ছিন্নতাবাদী ইউনাইটেড লিবারেশন ফন্ট অব অসম 'উলফা' কেও হামলার জন্য সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশ ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছে উলফা এ হামলায় কেবল সহায়ক ভূমিকা পালন করে থাকতে পারে। তবে উলফা হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
বিশ্লেষকরা বলছেন, ৫ মিনিট পরপর দূর থেকে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং ক্ষয়ক্ষতি অনেক বেশি হওয়ার জন্য বোমাগুলোতে প্লাস্টিক বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। মুসলিম গ্র"পগুলোই সাধারণত এরকম হামলা চালিয়ে থাকে।
স্থানীয় টেলিভিশনে দেখানো হয়, হামলার পর রক্তমাখামাখি অবস্থায় অনেক লোক রাস্তায় পড়ে আছে। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
গৌহাটির একটি হামলাস্থলে গাড়ি ও মোটরসাইকেলের ধ্বংসাবশেষের আগুন নেভায় দমকল বাহিনী। এই শহরে একটি হামলা চালানো হয়েছে কঠোর নিরাপত্তা বিধান করা আদালত ভবন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসস্থান এলাকায়।
তবে বেশিরভাগ হামলাই চালানো হয়েছে জনাকীর্ণ বাজারে।
এক প্রত্যক্ষদর্শী জানান, "বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে, এতে একটি যাত্রীবোঝাই বাসের অর্ধেকটাই উড়ে গেছে। ধ্বংসস্তুপ থেকে আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।"
স্থানীয় টেলিভিশনে বলা হয়েছে, বিষ্ফোরণে বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর চড়াও হওয়ায় এবং গাড়ি জ্বালিয়ে দেওয়ায় গৌহাটিতে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষুব্ধ লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলিও ছুঁড়েছে।
ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, তারা ভারত কর্তৃপক্ষ টেলিফোনে আড়ি পেতে পাকিস্তান এবং হরকাতুল জিহাদের কর্মীদের মধ্যকার কথাবার্তা শোনার পর সম্ভাব্য জঙ্গি হামলা সম্পর্কে আসাম সরকারকে সতর্ক করেছিলেন।
পাকিস্তান এ বোমা হামলার নিন্দা জানিয়েছে এবং জঙ্গিদের হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই প্রাণহানিকর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "পাকিস্তান যে কোনও ধরনের সন্ত্রাসের নিন্দা জানায়।" উল্লেখ্য, ভারতে এ ধরনের বোমা হামলার জন্য বরাবরই পাকিস্তানকে দোষারোপ করে থাকে নতুন দিল্লি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২২ ঘ.
bdnews24