গোমা, কঙ্গো (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোর বিদ্রোহী নেতা লর্যাঁ নকুদা বৃহস্পতিবার হুমকি দিয়েছেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী যুদ্ধবিরতি নিশ্চিত করতে না পারলে তিনি পূর্বাঞ্চলীয় শহর গোমা দখল করে নেবেন। রুয়ান্ডা-কঙ্গো সীমান্তে বিদেশি দূতদের শান্তি ফেরানোর চেষ্টার মধ্যে এই হুমকি দিলেন নকুদা।
নকুদার তুতসি বিদ্রোহীরা চারদিন ধরে অভিযান চালিয়ে উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমার প্রান্তে পৌঁছে যাওয়ার পর এই হুমকি দেওয়া হল। বুধবার নকুদা তার পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তার বাহিনীর এই অগ্রাভিযানের কারণে প্রদেশটি থেকে হাজার হাজার বেসামরিক লোক পালাতে শুরু করেছে।
নকুদা অভিযোগ করেছেন, সরকারি সেনারা মঙ্গলবার রাতে পালানোর সময় বেসামরিক লোকজনকে হত্যা করেছে। ব্যাপক লুটপাট চালিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী তা বন্ধ করতে পারেনি।
স্যাটেলাইট টেলিফোনের সাহায্যে বৃহস্পতিবার রয়টার্সকে তিনি বলেন, "যুদ্ধবিরতি, নিরাপত্তা ও শান্তি প্রক্রিয়ার এগিয়ে নেওয়া নিশ্চিত না হলে আমরা গোমায় প্রবেশ করব।" তিনি কঙ্গোর পূর্বাঞ্চলে কিরোলাইরোয়ে তার সদর দপ্তর থেকে কথা বলছেন বলে জানান।
কঙ্গোর পূর্বাঞ্চলে সংখ্যালঘু টুটসি জাতির লোকজনকে রক্ষায় যুদ্ধ করছেন- দাবিকারী নকুদা গত জানুয়ারিতে স্বাক্ষর হওয়া বৃহত্তর শান্তি চুক্তি মেনে চলতে অস্বীকার করে আসছেন।
তিনি বলেছেন, "আমি শান্তি আলোচনায় যোগ দিতে চাই তবে তা হতে হবে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর মাধ্যমে।"
গোমায় অস্থিতিশীলতা বিরাজ করার প্রেক্ষাপটে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র রোয়ান্ডা ও কঙ্গোকে তাদের সীমান্তে বিদ্রোহীদের তৎপরতা বন্ধ করার তাগাদা দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৪০ ঘ.
bdnews24