২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক লাইবেরীয় প্রেসিডেন্টের ছেলে নির্যাতনের দায়ে অভিযুক্ত

লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের মার্কিন নাগরিক ছেলেকে নির্যাতন ও ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মায়ামির এক আদালতের জুরি তাকে দোষী সাব্যস্ত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 06:25 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)-- লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের মার্কিন নাগরিক ছেলেকে নির্যাতন ও ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মায়ামির এক আদালতের জুরি তাকে দোষী সাব্যস্ত করে। লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্টের ওই ছেলে 'চাকি' টেইলর নামে পরিচিত চার্লস ম্যাকআর্থার ইমানুয়েলের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ৯ জানুয়ারি তার দণ্ডাদেশ দেওয়া হবে। পশ্চিম আফ্রিকার দেশটিতে ১৯৯৯ থেকে ২০০৩ সালের মধ্যে ওইসব কথিত অপরাধ সংঘটিত হয়েছে। 'চাকি' এসময় সেনাবাহিনীর কুখ্যাত একটি ইউনিটের দায়িত্বে ছিলেন। এ মামলাটি ১৯৯৪ সালের একটি মার্কিন আইনের প্রথম পরীক্ষা। ওই আইনে বিদেশে নির্যাতনের দায়ে অভিযুক্তদের বিচারের বিধান করা হয়েছে। দ্য হেগ-এর এক আদালতে চার্লস টেইলরের বিচার চলছে। তবে মানবতাবিরোধী কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধের ১১টি অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পিতাপুত্র দু'জনই একসময় স্বদেশে প্রবল প্রতাপের অধিকারী ছিলেন। শুধু মাত্র পিতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেই তার সূত্রে উভয়ের দীর্ঘমেয়াদী কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে। পিতা চার্লস টেইলর ১৯৯৭ সালে লাইবেরিয়ার ক্ষমতা দখল করার পর সদ্য যুবক 'চাকি' যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন এবং তাকে এলিট সন্ত্রাসবিরোধী ইউনিট এটিইউ এর প্রধান করা হয়। এই সেনা ইউনিটটি সেদেশে আতঙ্কের বিষয় ছিল এবং তারা যে অনেক নির্যাতনের সঙ্গে জড়িত এ বিষয়টিতে সবাই নিঃসন্দেহ। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট্স ওয়াচ একে নির্যাতনের বিচারের ক্ষেত্রে একটি মাইলফলক আখ্যায়িত করেছে। লাইবেরিয়া এখন দীর্ঘদিনের গৃহযুদ্ধের ক্ষত সারিয়ে তোলার চেষ্টা করছে। মীমাংসার জন্য গঠিত 'সত্য ও মীমাংসা কমিশনে' অনেক ভুক্তভোগী তাদের ওপর পরিচালিত নির্যাতন ও অন্যায়ের বিবরণ দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১২১২ঘ.