গাজা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনি সংগঠন হামাস বৃহস্পতিবার প্রতিপক্ষ ফাতাহ'র ১৭ বন্দিকে মুক্তি দিয়েছে। এই বন্দিদের প্রথমবারের মতো রাজনৈতিক বন্দি অভিহিত করে তারা জানিয়েছে, সংহতি আলোচনা শুরুর আগে সৌহার্দ্যস্বরূপ তাদের মুক্তি দেওয়া হয়েছে।
হামাস নেতা ইসমাইল হানিয়া বলেন, "আলোচনার জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা গাজার সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" পুলিশ বাহিনীর একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রাজনৈতিক বন্দিদের সংখ্যা ২০ এর কাছাকাছি বলে তিনি জানান।
২০০৭ সালের জুনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত ফাতাহ বাহিনীর সঙ্গে লড়াইয়ের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হামাস। ফাতাহ জানিয়েছে, গাজার দখল নেওয়ার পর থেকে হামাস তাদের অনেক সদস্যকে বন্দি করে রেখেছে।
হানিয়ার ঘোষণার কয়েক ঘণ্টা পর গাজায় কারাগার থেকে ফাতাহ'র ১৭ সদস্যকে বেরিয়ে আসতে দেখেছেন রয়টার্সের প্রতিনিধি।
গাজায় হামাস সরকারের মুখপাত্র তাহের আল-নোনো বলেন, "১৭ রাজবন্দিকে মুক্তি দিয়ে আমরা ঘোষণা করছি গাজায় আর কোনো রাজনৈতিক বন্দি নেই।"
ফিলিস্তিনের সংহতি আলোচনা শুরু করতে আগামী ৩ নভেম্বর কায়রোতে হামাস ও ফাতাহ'র ১৩ নেতাকে আমন্ত্রণ জানিয়েছে মিসর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৩২ ঘ.
bdnews24