২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতাচর্চা নয়, পরামর্শদাতার ভূমিকা চান বাইডেন

ব্যাপকভাবে ক্ষমতাচর্চা করার কারণে ডিক চেনিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে 'সবচেয়ে বিপজ্জনক' ভাইস প্রেসিডেন্ট আখ্যা দিয়েছেন বারাক ওবামার মনোনীত ভাইস প্রেসিডেন্ট জোসেফ বাইডেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

জুপিটার, ফ্লোরিডা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যাপকভাবে ক্ষমতাচর্চা করার কারণে ডিক চেনিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে 'সবচেয়ে বিপজ্জনক' ভাইস প্রেসিডেন্ট আখ্যা দিয়েছেন বারাক ওবামার মনোনীত ভাইস প্রেসিডেন্ট জোসেফ বাইডেন। তিনি বলেছেন, ৪ নভেম্বরের নির্বাচনে ওবামা জিতলে তার বিশ্বস্ত নীরব-সহযোগী হয়ে তিনি কেবল তার পরামর্শদাতার ভূমিকা পালন করতে চান। উৎকটভাবে ক্ষমতাচর্চা করবেন না। বৈদেশিক নীতির ক্ষেত্রে অভিজ্ঞ এবং কংগ্রেস সদস্যদের মধ্যে ব্যাপক যোগাযোগের জন্য সুপরিচিত ডেলাওয়্যার অঙ্গরাজ্যের এই সিনেটর বলেছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি বিশেষ কোন দায়িত্ব চাইবেন না। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের মনোনীত ভাইস প্রেসিডেন্ট সারাহ পেলিনের সঙ্গে টিভি-বিতর্কে বাইডেন বলেন, "বড় ধরনের সব সিদ্ধান্ত তিনিই (ওবামা) নেবেন। আমার কাজ হবে তাকে সেরা পরামর্শটি দেওয়া। প্রেসিডেন্ট তিনি, আমি নই।" "আমেরিকার ইতিহাসে আমরা যত ভাইস প্রেসিডেন্ট দেখেছি তাদের মধ্যে সম্ভবত বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিই সবচেয়ে বিপজ্জনক।" যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দুটি সাংবিধানিক দায়িত্ব রয়েছে- প্রেসিডেন্টের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন এবং সিনেট সভায় সভাপতিত্ব করা। সিনেটে কোন বিষয়ে ভোটাভুটিতে সমান ভোট পড়লে নিজে ভোট দিয়ে বিষয়টির মীমাংসা করা। ভাইস প্রেসিডেন্টের এরকম সীমিত ক্ষমতারই রেওয়াজ চলে আসছিল যুক্তরাষ্ট্রে। কিন্তু চেনি এই ঐতিহ্যের মধ্যে আটকে ছিলেন না। নিজেকে জাহির করেছেন ক্ষমতাধর হিসেবে। জাতীয় নিরাপত্তা, জ্বালানি খাত ও পরিবেশবিষয়ে নীতির ক্ষেত্রে তিনি তার প্রভাব খাটিয়েছেন। ইরাক যুদ্ধের পেছনেও ছিল তার মুখ্য ভূমিকা। সন্দেহভাজন ইরাকিদের জিজ্ঞাসাবাদে যে কঠোর পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল তার অনুমোদনদাতাও ছিলেন তিনি। ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে চেনি তেল কোম্পানি হেলিবার্টন পরিচালনা করেন এবং বুশের মুখ্য সহযোগী হওয়ার পর বিদেশের ওপর জ্বালানি নির্ভরতা কমাতে বেশি পরিমাণে তেল উত্তোলন করার জন্য সোচ্চার ভূমিকা রাখেন। বিশেষজ্ঞরা বলছেন, চেনি যেভাবে বুশের ওপর প্রভাব বিস্তার করেছিলেন, বাইডেন সেরকম ওবামার ওপর ভর করবেন না। বিশেষ করে জ্বালানি ও নিরাপত্তা বিষয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯১৫ ঘ.