২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বাড়াবাড়ি করছে যুক্তরাষ্ট্র

সন্ত্রাস দমনে আফগান সীমান্তবর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের যখন একসঙ্গে কাজ করা উচিৎ বলে বিশ্লেষকরা মনে করছেন, সে সময়েই পাকিস্তানে যুক্তরাষ্ট্রের হামলা ইসলামাবাদকে আরও ক্ষুব্ধ করে তুলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 12:05 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ওয়াশিংটন, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাস দমনে আফগান সীমান্তবর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের যখন একসঙ্গে কাজ করা উচিৎ বলে বিশ্লেষকরা মনে করছেন, সে সময়েই পাকিস্তানে যুক্তরাষ্ট্রের হামলা ইসলামাবাদকে আরও ক্ষুব্ধ করে তুলছে। মার্কিন রাষ্ট্রদূত অ্যান পিটারসনকে তলব করে গত বুধবার পাকিস্তান সরকার তাদের ক্ষোভের কথা জানিয়েছে। একইসঙ্গে তারা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের অনুরোধ করেছে। সীমান্তবর্তী এলাকায় মার্কিন চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জঙ্গি নিহত হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে পাকিস্তান। ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, "পাকিস্তান জোর দিয়ে জানিয়েছে এ ধরনের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এখুনি তা বন্ধ করতে হবে।" তবে পাকিস্তানের কাছ থেকে এ ধরনের প্রতিবাদ যুক্তরাষ্ট্র আগে তেমন আমলে নেয়নি। তারা জানিয়েছে, আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের রক্ষায় ও তাদের প্রতি হুমকি তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের হত্যার জন্য এ হামলা প্রয়োজন আছে। পাকিস্তানে মার্কিন মিত্র সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পতনের পর গত সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ক্ষমতা নেন। এরপর থেকে এক ধরনের ঝুঁকি নিয়েও বুশ প্রশাসন পাকিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের গবেষক ও পাকিস্তানের সাবেক আইন কর্মকর্তা হাসান আব্বাস বলেন, "এটা এখন পরিস্কার যে, বুশ-মুশাররফ পরিকল্পনা সমস্যা আরও জটিল করেছে এবং তালেবানরা আগের চেয়ে এখন আরও শক্তিশালী।" "অনেক বিষয়ে নতুন করে ভাবতে হবে" বললেন সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড সায়েন্স এর বিশ্লেষক টমাস হুলাহান। তিনি বলেন, "পাকিস্তানকে স্থায়ী মিত্র হিসেবে পাওয়ার পরিকল্পনা যদি আমাদের থাকে তাহলে এটা করতেই হবে।" পাকিস্তানে একের পর এক মার্কিন হামলায় সেখানকার জনগণের মনে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব জোরদার হচ্ছে। আর এতে করে চাপ পড়ছে নতুন করে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের ওপর। আব্বাস বলেন, "ওয়াশিংটন ডিসিকে মনে রাখতে হবে পাকিস্তানে মুশাররফ যুগ শেষ হয়েছে। এখন জনগণের সমর্থন ছাড়া সেখানকার নির্বাচিত সরকার কিছু করতে পারবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩২ ঘ.