কাবুল, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান সরকারের তথ্যমন্ত্রণালায়ে এবার আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে তালেবানরা। বৃহস্পতিবার রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে এ হামলায় পাঁচজন নিহত হয়েছে।
হামলার পর তথ্যমন্ত্রণালয়ের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তালেবানদের বন্দুকযুদ্ধও হয়। তালেবানরা বলেছে, তথ্য মন্ত্রণালয়ে থাকা বিদেশি উপদেষ্টারা ছিল হামলার লক্ষ্য।
কাবুলের উপ-পুলিশ প্রধান আলী শাহ আমাদজাই জানান, নিহতদের একজন নারী।
প্রেসিডেন্ট প্রাসাদের মাত্র কয়েক শ' মিটারের মধ্যে ওই হামলায় মন্ত্রণালয়ের দোতালার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়। বিষ্ফোরণ ঘটার পরপরই সব কর্মীদের বের করে দিয়ে মন্ত্রণালয়ভবন খালি করে ফেলা হয়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এটা ছিল আত্মঘাতী বোমা হামলা। হামলাকারীদের দু'জন ঘটনাস্থল থেকে সটকে পড়তে সক্ষম হয়।
২০০১ সালে তালেবানরা ক্ষমতাচ্যুত হওয়ার পর এ বছর কাবুলসহ দেশের বিভিন্ন স্থানে তাদের হামলা বেড়ে গেছে। গত জুলাইয়ে কাবুলে সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৬০ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬০০ ঘ.
bdnews24