ওয়াশিংটন, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ৫ দিন আগে বৃহস্পতিবার জনমত জরিপে ডেমোক্র্যাটিকদলীয় প্রার্থী বারাক ওবামা রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আছেন। রয়টার্স/সি-স্প্যান/জগবি জরিপ এ ফলাফল জানিয়েছে।
কয়েকদিন ধরে ওবামার জনপ্রিয়তা কিছুটা কমতে শুরু করেছিল। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় পরপর দুদিন তার জনপ্রিয়তা আবার বেড়েছে। বুধবার তিনি ৫ পয়েন্ট এগিয়ে ছিলেন ম্যাককেইনের চেয়ে।
তবে ওবামা সাত দিন আগেও ম্যাককেইনের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিলেন। ধারাবাহিকভাবে এ ব্যবধান অর্ধেকেরও বেশি কমিয়ে আনতে সক্ষম হন রিপাবলিকান প্রার্থী।
নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন দেশব্যাপী চালানো জরিপের বৃহস্পতিবারের ফলাফলে দেখা যায়, সম্ভাব্য ভোটদাতাদের ৫০ শতাংশ ওবামাকে ভোট দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, ম্যাককেইনকে সমর্থনের কথা জানিয়েছেন ৪৩ শতাংশ। টেলিফোন সাক্ষাৎকারে পরিচালিত এ জরিপের ভ্রান্তির সম্ভাবনা ২ দশমিক ৯ শতাংশ।
জরিপ পরিচালনাকারী জন জগবি বলেন, "ম্যাককেইনের জন্য এটা সুখবর নয়। কয়েকদিন ধরে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চললেও এখন ওবামার দিকে পাল্লা হেলে পড়েছে।"
অক্টোবরের ৬ তারিখে শুরু হওয়া এ দেশব্যাপী জরিপের শুরুর দিন ওবামা ম্যাককেইনের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে ছিলেন। সেদিনের ফলাফলে ওবামা ৪৮ এবং ম্যাককেইন ৪৫ শতাংশ সমর্থন পেয়েছিলেন। এর মধ্যে ওবামা একপর্যায়ে সর্বোচ্চ ১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেলেও ম্যাককেইন কখনওই তার পক্ষে ৪৫ শতাংশের বেশি সমর্থন আদায় করতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৫৯ ঘ.
bdnews24