করাচি, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুধবার সকালে শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধারকারীরা এ পর্যন্ত ১৭৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা নগরীর ৭০ কিলোমিটার উত্তরপূর্বের জিয়ারাত জেলা ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। স্থানীয় সময় সকাল ৫টা ১০ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৫।
ভূমিকম্পে প্রায় দেড় হাজার মাটির বসত-বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং এর সঙ্গে ভূমিধসের ঘটনাও ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জিয়ারাতের জেলা প্রশাসক দিলওয়ার খান জানিয়েছেন, তার জেলাতেই ১৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩৫০ জন।
রয়টার্সকে তিনি বলেন, "উদ্ধার অভিযান শেষ হয়েছে। আমরা সকল মৃতদেহ উদ্ধার করেছি। আহতদেরও সরিয়ে নেওয়া হয়েছে। এখন সমস্যা হলো ত্রাণ। তাবু, কম্বল ও খাবারের ঘাটতি আছে। এর মধ্যে আবার শীতও পড়ছে।"
এছাড়া ভূমিকম্পে কোয়েটার উত্তরাঞ্চলের জেলা পিশিনে পাঁচজন নিহত হয়েছে। পিশিনের বাসিন্দা হাবিবুল্লাহ বলেন, "ভূমিকম্পের সময় আমরা ঘুমিয়ে ছিলাম। কম্পন অনুভূত হওয়ায় বাচ্চাদের কোলে নিয়ে দৌড়ে ঘরের বাইরে চলে আসি।" তিনি আরও বলেন, "এক মিনিটেরও বেশি সময় ধরে কম্পন অনুভূত হয়েছে।"
বেলুচিস্তানের অন্যতম পর্যটন উপত্যকা জিয়ারাতে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। ওদিকে, যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পর পর দুটি কম্পন অনুভূত হয়েছে এবং দ্বিতীয় কম্পনটির স্থায়িত্ব বেশি ছিল।
দিলাওয়ার খান এর আগে বলেন, "ভূমিকম্পে শ'শ' মাটির ঘর বিধ্বস্ত হয়েছে। আমাদের যা কিছু আছে তা নিয়েই ক্ষতিগ্রস্তদের সহায়তা করছি এবং প্রাদেশিক সরকারের সাহায্য চেয়েছি।"
তিনি আরও জানান, ভূমিকম্পের ফলে ভূমিধসে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে। উদ্ধারকর্মীদের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারও উদ্ধারকাজে সহায়তা করছে। তবে জিয়ারত উপত্যকার ওপরের বিচ্ছিন্ন পাহাড়ি এলাকাগুলোতে এখনও উদ্ধারকারী দল এসে পৌঁছায়নি।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দলের প্রধান ফারুক আহমেদ খান জানিয়েছেন, ৩০০ উদ্ধারকর্মীর একটি দল জিয়ারাত এসে পৌঁছেছে। এছাড়াও, তাঁবু, কম্বল এবং অন্যান্য সাহায্য সামগ্রীর সঙ্গে একটি চিকিৎসক দলও পাঠাচ্ছে সেনাবাহিনী।
কোয়েটার অধিবাসী আমজাদ হুসাইন জানান, ভূমিকম্পের পর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, "দুটি কম্পন হয়েছে। দ্বিতীয় কম্পনটি ভয়াবহ ছিল এবং লোকজন ভয়ে বাড়িঘর থেকে বেরিয়ে পড়েছিল।"
এর আগে ১৯৩৫ সালে এক শক্তিশালী ভূমিকম্পে কোয়েটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ভূমিকম্পে প্রায় ৩০ হাজার লোক নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/এফএইচবি/২১৩০ ঘ.
bdnews24