বাগদাদ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের সঙ্গে উপনীত খসড়া নিরাপত্তা চুক্তি সংশোধনের প্রস্তাব দিতে মঙ্গলবার একমত হয়েছে ইরাকের মন্ত্রিসভা। ইরাক সরকারের মুখপাত্র আলী আল দাব্বাহ একথা জানিয়েছেন। তিনি বলেন, চুক্তির বিষয়বস্তু থেকে ভাষা পর্যন্ত সবকিছুই সংশোধনের প্রস্তাব দেওয়া হবে।
মঙ্গলবার ইরাকের মন্ত্রিসভার বৈঠক শেষে দাব্বাহ বলেন, "প্রধানমন্ত্রী নূরি আল-মালিকিকে এই সংশোধনী প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে।"
এই সংশোধনী কেবল চুক্তির ভাষায় কিনা জিজ্ঞেস করা হলে দাব্বাহ বলেন, "হ্যাঁ ভাষা তো বটেই, সেইসঙ্গে কিছু বিষয়বস্তুও।"
চুক্তিতে ইরাকের এই পরিবর্তন দাবিতে যুক্তরাষ্ট্র বিরক্ত হবে বলেই মনে করা হচ্ছে। কয়েকমাসের আলোচনার পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরাক খসড়া নিরাপত্তা চুক্তি করে। এ চুক্তি অনুযায়ী, জাতিসংঘের মেয়াদ ফুরানোর পরও মার্কিন সেনারা ২০১১ সাল পর্যন্ত ইরাকে থাকতে পারবে।
গত সপ্তাহের এ খসড়া চুক্তিটিকেই 'চূড়ান্ত' বলে ধারণা করা হলেও ইরাকের রাজনৈতিক অঙ্গনে চুক্তিটি নিয়ে তুমুল তর্ক বিতর্ক এবং শেষ পর্যন্ত তা পরিবর্তন করতে মন্ত্রিসভার এই সম্মতিতে ইরাকে ৫ বছরেরও বেশি সময় ধরে বিদেশি সেনা উপস্থিতি নিয়ে ব্যাপক মতানৈক্যই স্পষ্ট হয়ে দেখা দিল।
এই নিরাপত্তা চুক্তিতে যুক্তরাষ্ট্র ইরাকে ২০১১ সাল পর্যন্ত সেনা রাখাসহ অপরাধী মার্কিন সেনাদের বিচার করতে দেওয়ার মতো বেশ কিছু ছাড় দিয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এ ইঙ্গিতও দিয়েছে যে, তারা খসড়া চুক্তিটির ভাষা পরিবর্তন করতে পারে কিন্তু এর বিষয়বস্তু নিয়ে আবারও কোনও আলোচনা বা পরিবর্ধন-পরিমার্জনে তারা রাজি নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৯ ঘ.
bdnews24