২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে হত্যার ষড়যন্ত্রকারী ২ শ্বেতাঙ্গ বর্ণবাদী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামাকে হত্যার ষড়যন্ত্রকারী ২ শ্বেতাঙ্গ বর্ণবাদীকে টেনেসি রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের নথিপত্র থেকে একথা জানা গেছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 04:59 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ওয়াশিংটন, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামাকে হত্যার ষড়যন্ত্রকারী ২ শ্বেতাঙ্গ বর্ণবাদীকে টেনেসি রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের নথিপত্র থেকে একথা জানা গেছে। হত্যা পরিকল্পনাকারী ওই দুই ব্যক্তি মার্কিন নাগরিক এবং 'স্কিনহেড' গোষ্ঠীর অনুসারী। নির্বাচনের মাত্র ৬ দিন আগে দেশটির ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হত্যার এ ষড়যন্ত্র প্রকাশিত হওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় চলছে। (আরও তথ্যসহ) আদালতের নথিতে দেখা গেছে, ড্যানিয়েল কোওয়ার্ট এবং পল শ্লেসেলমান নামের দুই মার্কিনির বিরুদ্ধে গোলাগুলির যজ্ঞ ঘটিয়ে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে একটি অবৈধ শটগান রাখার এবং ডাকাতি করে একজন বন্দুক বিক্রেতার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে আনার পরিকল্পনারও অভিযোগ আনা হয়েছে। তবে, হত্যার ষড়যন্ত্রটি খুব বেশিদূর অগ্রসর ছিল না কিংবা খুব নিখুঁত ছিল না বলেও জানা গেছে ওইসব নথি থেকে। আদালত ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, "আমরা নিশ্চিত নই যে, এরকম হামলা চালানোর মত সামর্থ কিংবা রসদপত্র তাদের আছে কি না।" আগামী ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে পরাজিত করতে পারলে বারাক ওবামাই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ওবামার নিরাপত্তার বিষয়টি নিয়ে নির্বাচনী প্রচারাভিযানের শুরু থেকেই সার্বক্ষণিক সতর্কতার মধ্যে রয়েছেন মার্কিন গোয়েন্দা বিভাগের লোকজনরা। যুক্তরাষ্ট্রের মাদক, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বিষয়ক ব্যুরো'র কর্মকর্তা ব্রায়ান উইকসের দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, "ব্যাপক গোলাগুলির যজ্ঞ ঘটিয়ে প্রায় ৮৮ জনকে গুলি করে হত্যা এবং ১৪জন আফ্রিকান আমেরিকানকে গলা কেটে জবাই করার পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করছিল ওই দুই ব্যক্তি।" মাসখানেক আগে ইন্টারনেটের মাধ্যমে ওই দুই ব্যক্তি যোগাযোগ শুরু করে। তারা পরিবারের লোকজনদের কাছ থেকে অস্ত্র চুরি করে এবং শটগান যোগাড় করতে সক্ষম হয়। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে একটি কৃষ্ণাঙ্গপ্রধান স্কুলে বেপরোয়া গুলিবর্ষণ করার চিন্তা করছিল তারা। এভাবে একে একে কয়েকটি রাজ্যে গোলাগুলির যজ্ঞ চালানো এবং অস্ত্র চুরির লক্ষ্য ছিল তাদের। অভিযোগপত্রে আরও বলা হয়েছে যে, "তারা শেষ পর্যন্ত এই পরিকল্পনায় আসে যে, তারা এই লাগাাতার সহিংসতার চূড়ান্ত পর্যায়ে এসে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামাকে হত্যার চেষ্টা করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১০৫৩ ঘ.