ওয়াশিংটন, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামার জনপ্রিয়তার জোয়ারে কিছুটা ভাটা পড়লেও এখনও তিনি রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছেন।
নির্বাচনের মাত্র ৮ দিন আগে রোববার প্রকাশিত চলমান প্রতিদিনের জরিপের ফলাফলে একথা জানানো হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স, টেলিভিশন চ্যানেল সি-স্প্যান এবং জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান জগবি এ জরিপ চালায়।
জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ভোটারদের শতকরা ৪৯ ভাগ ইলিনয়ের সিনেটর বারাক ওবামাকে সমর্থন করছেন। অন্যদিকে, অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইনকে সমর্থন জানাচ্ছেন শতকরা ৪৪ জন। অর্থাৎ ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামা (৪৭) এখনও রিপাবলিকান প্রার্থী (৭২) ম্যাককেইনের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে।
অবশ্য, চলমান এ জরিপে এর আগে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ১২ পয়েন্টে এগিয়ে ছিলেন ওবামা। এরপর শুক্রবারে তা নেমে দাঁড়ায় ১০ পয়েন্টে, শনিবার ৯ পয়েন্টে এবং রোববার তা অনেকটা কমে নেমে এলো মাত্র ৫ পয়েন্টের ব্যবধানে।
জরিপ পরিচালনাকারী জন জগবি জানান, অর্থনৈতিক নীতি পরিবর্তনের মাধ্যমে ম্যাককেইন কিছুটা ঘুরে দাঁড়াচ্ছেন।
তিনি বলেন, "যখন থেকে তিনি অর্থনীতির বিষয়ে কিছুটা ভিন্ন অবস্থান নিয়েছেন এবং নেতিবাচক মন্তব্য করা থেকে বেরিয়ে এসেছেন তখন থেকেই তার অবস্থার পরিবর্তন হচ্ছে। এ বছর নেতিবাচক প্রচারাভিযান কোনো কাজে আসছে না।"
তিনি আরও বলেন, "এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল প্রতিযোগিতা এখনও শেষ হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৫৪ ঘ.
bdnews24