ওয়াশিংটন, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হয়রানি, পক্ষপাতিত্ব এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ডোমিনিক স্ত্রাউস-কান। আইএমএফ এর এক অর্থনীতিবিদ নারী সহকর্মীর সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক স্ত্রাউস-কানের সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়ে এক তদন্তের পর শনিবার সংস্থাটির নির্বাহী পরিষদ তাকে ওইসব অভিযোগ থেকে অব্যাহতি দেয়।
অবশ্য আইএমএফ বোর্ডের প্রধান শাকুর শালান স্বীকার করেছেন যে, স্ত্রাউস-কানের আচরণ নিয়ে নারী কর্মীদের মধ্যে উদ্বেগ রয়েছে।
শালান বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো অশোভন আচরণের বিষয়ে ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী স্ত্রাউস-কানকে তিনি ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, বোর্ড স্ত্রাউস-কানের ক্ষমা চাওয়া সংক্রান্ত আবেদন মঞ্জুর করেছে। স্ত্রাউস-কান এ সপ্তাহেই ওই বিষয়ে ক্ষমা চান।
আন্তর্জাতিক সংস্থাটির ১৮৪টি দেশের প্রতিনিধিত্বকারী নির্বাহী পরিষদ শনিবার এক বিবৃতিতে বলেছে, "নির্বাহী পরিষদ বুঝেছে যে ঘটনাটি পরিতাপের এবং তার মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালকের নিরপেক্ষ ভূমিকায় মারাত্মক ত্র"টি প্রতিফলিত হয়েছে।"
বিবৃতিতে আরও বলা হয়, "ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত আচরণ সংস্থাটির জন্য গুরুত্বপূর্ণ সতর্কবাণী এবং ওই ধরনের ন্যাক্কারজনক ঘটনার আর যেন পুনরাবৃত্তি না হয়।"
বিবিসি জানিয়েছে, স্ত্রাউস-কানের আচরণ পরিতাপের বিষয় হলেও তিনি তার পদে বহাল থাকবেন বলেও সিদ্ধান্ত নিয়েছে আইএমএফের নির্বাহী পরিষদ।
আইএমএফের নির্বাহী পরিষদ আইনী প্রতিষ্ঠান 'মরগ্যান, লিউইস অ্যান্ড বোকিউস' এর এক আইনজীবীকে দিয়ে স্ত্রাউস-কানের বিরুদ্ধে এ তদন্ত করায়। এতে দেখা গেছে, ২০০৮ এর আগস্ট মাসে চাকরি ছাড়ার আগে আইএমএফের আফ্রিকা বিভাগের ঊর্ধ্বতন অর্থনীতিবিদ হিসাবে কর্তব্যরত পিরোস্কা নাগির সঙ্গে জানুয়ারি মাসে স্ত্রাউস-কান অনৈতিক যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তবে এতে দুজনেরই সম্মতি ছিল।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধানকে নিয়ে এমন সময়ে এ অভিযোগ উত্থাপিত হয় যখন বিশ্ব অর্থনীতি গত শতকের ত্রিশের দশকের মহামন্দার পর সবচেয়ে বেশি সঙ্কটে আছে। আর অন্যদের পাশাপাশি সে সঙ্কট থেকে উত্তরণের চেষ্টায় আছে বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এ সংস্থাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪০১ ঘ.
bdnews24