বেইজিং, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের রাজধানী বেইজিংয়ের প্রতি চার শিশুর মধ্যে এক শিশুই মেলামাইন মিশ্রিত বিষাক্ত দুধ খেয়েছে। এর ফলে বাজার থেকে ওইসব বিষাক্ত দুধ সরিয়ে নেওয়ার আগেই বেইজিংয়ে এ মারাত্মক ক্ষতির কবলে পড়েছে ৭৫ হাজারেরও বেশি শিশু। নগর সরকার পরিচালিত জারিপের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া রোববার একথা জানিয়েছে।
সিনহুয়া জানায়, বেইজিংয়ের তিন লাখ সাত হাজারের বেশি পরিবারের তিন বছরের কম বয়সী শিশুর ওপর এ জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, ৭৫ হাজারের বেশি শিশু মেলামাইন মিশ্রিত বিষাক্ত দুধ খেয়েছে।
'বেইজিং মিউনিসিপাল হেলথ ব্যুরো'র নির্দেশে ২০ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবরের মধ্যে এ জরিপ চালানো হয়।
প্রসঙ্গত, চীনে মেলামাইন মিশ্রিত বিষাক্ত দুধ খেয়ে এ পর্যন্ত চার শিশু মারা যাওয়ার এবং হাজার হাজার শিশু অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। দুধে বিষাক্ত রাসায়নিক উপাদান পাওয়ার পর চীনে উৎপাদিত অন্যান্য পানীয় এবং খাবারেও বিষাক্ত উপাদান ধরা পড়ে। এরপর বিশ্ববাজার থেকে চীনের ওইসব পণ্য প্রত্যাহার করা হয়।
চীনে বিষাক্ত দুধ খেয়ে এখনো তিন হাজারের বেশি শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে।
চীনা কর্মকর্তারা নিশ্চয়তা দিয়েছেন যে, চীনের বাজারের সব দুগ্ধজাত পণ্য এখন নিরাপদ। একইসঙ্গে তারা অঙ্গীকার করেছেন, চীনের সব খাদ্য পণ্য আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২০৭ ঘ.
bdnews24