২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে ৫ লাখ মানুষের চীন বিরোধী বিক্ষোভ

চীনের সঙ্গে সম্পর্ক্য জোরদারে সরকারের প্রচেষ্টার প্রতিবাদে তাইওয়ানের রাজধানী তাইপেতে শনিবার বিক্ষোভ করেছে প্রায় পাঁচ লাখ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

তাইপে, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের সঙ্গে সম্পর্ক্য জোরদারে সরকারের প্রচেষ্টার প্রতিবাদে তাইওয়ানের রাজধানী তাইপেতে শনিবার বিক্ষোভ করেছে প্রায় পাঁচ লাখ মানুষ। তাইপের কেন্দ্রভাগে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে প্রেসিডেন্ট মা ইং-জেও এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ক্ষমতাসীন দল ন্যাশনালিস্ট পার্টি এবং চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে শ্লোগান দেয়। একই সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ১৯৪৯ সালের চীনা গৃহযুদ্ধের পর থেকে স্বশাসিত তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে হলেও তারা দু'কোটি তিন লাখ লোকের এই দ্বীপ দেশটিকে তাদের প্রতক্ষ্য শাসনাধীনে আনতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রধান বিরোধীদল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির সভানেত্রী তাসি ইঙ্গ-ওয়েন বলেন, "সরকার যে পথে আগাচ্ছে তা অব্যাহত থাকলে তাইওয়ানের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।" বিক্ষোভে যোগ দেওয়া ৪২ বছর বয়সী ওয়াং সু-চেং বলেন, "সরকার তাইওয়ানকে চীনের কাছে বিক্রি করে দেবে- এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। তই চীনের কাছ থেকে পিছিয়ে আসার জন্য সরকারকে চাপ দিতে আমরা পথে নেমেছি।" তিনি আরও বলেন, "তবে সরকারের চামড়া খুব পুরো বলে মনে হচ্ছে। কোনো কথাই তাদের গায়ে লাগে না।" তবে প্রেসিডেন্ট মা'র মুখপাত্র টনি ওয়াং জানিয়েছেন, চীনের প্রতি সরকারের বর্তমান নীতি অপরিবর্তীত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩০ ঘ.