২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সেনা বাড়াতে পারে ইউরোপের দেশগুলো

আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল এবং আরও সম্পদ নিয়োজিত করার নিশ্চয়তা পেলে ইউরোপের দেশগুলো সেখানে মোতায়েন ন্যাটো বাহিনীতে আরও সেনা বাড়াতে পারে। ন্যাটোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কার্ট ভোকার বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ওয়াশিংটন, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল এবং আরও সম্পদ নিয়োজিত করার নিশ্চয়তা পেলে ইউরোপের দেশগুলো সেখানে মোতায়েন ন্যাটো বাহিনীতে আরও সেনা বাড়াতে পারে। ন্যাটোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কার্ট ভোকার বৃহস্পতিবার একথা বলেছেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন শুরুর পর থেকে সেখানে সবচেয়ে সহিংস পরিস্থিতি বিরাজ করছে এবছর। সংকট মোকাবেলায় আফগানিস্তানের জন্য সেনা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই ন্যাটো মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন যুক্তরাষ্ট্রের প্রায় ৩২,০০০ সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে প্রায় ১৩,০০০ রয়েছে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীতে। ন্যাটো বাহিনীতে আফগানিস্তানে মোতায়েন সেনার সংখ্যা ৫০,০০০ এরও বেশি। ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানান, আফগান যুদ্ধ জয়ে যুক্তরাষ্ট্রের কৌশল এবং অঙ্গীকারের নিশ্চয়তা পেলে সেনা বাড়াতে রাজি ইউরোপের দেশগুলো। আফগান যুদ্ধে মিত্রদের মধ্যে থাকা অনিশ্চয়তা বিবেচনা করে এ বিষয়ে একটি নতুন পর্যালোচনা তৈরি করছে বুশ প্রশাসন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, "আফগানিস্তান নিয়ে আপনাদের স্পষ্ট অঙ্গীকার থাকলে, তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র তার সম্পদকে কাজে লাগালে এবং একটি কৌশল প্রণয়ন করলে তা অন্যদের কাছে অর্থবহ হবে ..... আর সেক্ষেত্রে আমাদের ইউরোপীয় মিত্রদের কাছ থেকেও আরও বেশি সহযোগিতা পাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩০ ঘ.