২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ'র শীর্ষ মানবাধিকার পুরস্কার পেলেন চীনের ভিন্নমতাবলম্বী

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ মানবাধিকার পুরস্কার পেয়েছেন রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতামূলক কাজের অভিযোগে কারান্তরীণ চীনের ভিন্নমতাবলম্বী হু জাই। তবে এতে ক্ষিপ্ত হয়েছে চীন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ব্রাসেলস, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ মানবাধিকার পুরস্কার পেয়েছেন রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতামূলক কাজের অভিযোগে কারান্তরীণ চীনের ভিন্নমতাবলম্বী হু জাই। তবে এতে ক্ষিপ্ত হয়েছে চীন সরকার। মুক্ত চিন্তার স্বাধীনতার জন্য হুকে সাখারভ পুরস্কার বিজীয় ঘোষণা করে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট হ্যান্স জার্ট পোয়েটারিং বলেন, হু চীনে মানবাধিকার রক্ষার অন্যতম যোদ্ধা। ইইউ পার্লামেন্টে পোয়েটারিং বলেন, "হুকে সাখারভ পুরস্কার দিয়ে ইউরোপীয় পার্লামেন্ট চীনের মানবাধিকার রক্ষায় আন্দোলনকারী সবাইকে এই বার্তা দিল যে, ইইউ তাদের সঙ্গে আছে।" হুয়ের পুরস্কার প্রাপ্তিতে অসন্তোষ প্রকাশ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ জেইনসাও জানিয়েছেন, এই পুরস্কার এমন একজনকে দেওয়া হলো যিনি জেলখাটা সন্ত্রাসী। অথচ এই পুরস্কারের জন্য চীনে অনেক যোগ্য মানুষ ছিলেন। এই পুরস্কার প্রদানকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল উল্লেখ করে তিনি জানান, এর মাধ্যমে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করা হয়েছে। তবে এতে করে আগামী শুক্রবার থেকে বেইজিংয়ে শুরু হতে যাওয়া এশীয়-ইউরোপ ৪৩ জাতি বৈঠক (এএসইএম) ব্যাহত হবে না বলে তিনি জানান। প্রত্যন্ত এলাকার এইডস আক্রান্তদের থেকে শুরু করে হু চীনের অভ্যন্তরে গণতান্ত্রিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা এমনকি তিব্বতের স্বশাসনের অধিকারের দাবিতে সব সময় সোচ্চার। গত এপ্রিলে হুর সাড়ে তিন বছর কারাদণ্ড হয়েছে। গত বছরের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক একটি সম্মেলনে যোগ দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড উস্কে দেওয়ার দায়ে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩৫ বছর বয়স্ক হু স্ত্রী ও সন্তানদের নিয়ে এর আগে কয়েক মাস গৃহবন্দি অবস্থায় কাটিয়েছেন। বেইজিংয়ে রয়টার্সের কাছ থেকে হুর এই পুরস্কার প্রাপ্তির খবর পেয়ে খুশি তার স্ত্রী জেং জিংয়াং। তিনি বলেন, "অবশেষে এটা ভাল খবর। হু জানতে পারলে নিশ্চয় খুশি হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩৫ ঘ.