২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'থাকসিনের কারাদণ্ডে সরকার পতনের আন্দোলন জোরদার হবে'

থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে জমি দুর্নীতির মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়ায় বিরোধীদের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে এবং এতে থাকসিনপন্থী-সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হবে। বুধবার এমন মন্তব্য করেছেন এক বিরোধী রাজনৈতিক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 11:38 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ব্যাংকক, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে জমি দুর্নীতির মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়ায় বিরোধীদের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে এবং এতে থাকসিনপন্থী-সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হবে। বুধবার এমন মন্তব্য করেছেন এক বিরোধী রাজনৈতিক নেতা। পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি (পিএডি) নেতা সূর্যাসাই কাতালিসা রয়টার্সকে বলেন, "এ রায়ে প্রমাণিত হল যে, থাকসিনের বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের আন্দোলন ঠিকই ছিল। এর ফলে তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার দাবিতে আরও বেশি সংখ্যক মানুষ আন্দোলনে যোগ দেবে।" ২০০৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত থাকসিন বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে লন্ডনে নির্বাসনে আছেন। সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের বিরুদ্ধে থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত এমন সময়ে এ রায় দিল যখন থাকসিনপন্থী ও বিরোধীদের মধ্যকার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ২০০৬ সালের সেনা অভ্যুত্থানের পর সেনাবাহিনী নিযুক্ত দুর্নীতি বিষয়ক তদন্ত কর্মকর্তারা থাকসিন ও তার রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করে। মঙ্গলবার প্রথম সেসব মামলার একটির রায় ঘোষিত হয়েছে। এ মামলায় থাকসিনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, ক্ষমতায় থাকাকালীন সরকারি সংস্থার একটি জমি কম মূল্যে কিনতে স্ত্রীকে সাহায্য করার মাধ্যমে দুর্নীতি করেন তিনি। মঙ্গলবার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বলেন, "আসামী দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন। এজন্য তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।" ওদিকে, লন্ডনে নির্বাসনে থাকা থাকসিন মঙ্গলবারই টেলিফোনে রয়টার্সকে বলেছেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর আগে থাকসিন বলে আসছিলেন, থাই আদালতের কাছে সুবিচার প্রত্যাশা করতে পারেন না তিনি। মঙ্গলবার রয়টার্সকে থাকসিন বলেন, "রায় কি হবে তা আমি জানতাম। আদালতের রায় এমন হবে তা আমি অনেকদিন আগে থেকেই ধারণা করে আসছিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/ ১৭০০ ঘ.