ওয়াশিংটন, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্দেহভাজন সন্ত্রাসীদের আটকে রাখতে কিউবায় যুক্তরাষ্ট্রের বিতর্কিত গুয়ান্তানামো বে বন্দিশিবিরটি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে বন্ধ হচ্ছে না। তবে পরবর্তী প্রেসিডেন্ট এবং কংগ্রেস বন্দিশিবিরটি বন্ধে তড়িৎ পদক্ষেপ নেবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস মঙ্গলবার একথা জানিয়েছেন।
২০০৬ সালের শেষ দিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই গেটস বন্দিশিবিরটি বন্ধ করে দেওয়ার পক্ষে মত দিয়ে আসছেন। পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুয়ান্তানামো বন্দিশিবিরকে "যুক্তরাষ্ট্রের একটি সত্যিকারের দায়" বলে উল্লেখ করেন।
প্রতিরক্ষামন্ত্রী জানান, বুশ প্রশাসন এই সিদ্ধান্তে এসেছে যে, বন্দিশিবিরটি বন্ধ করতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। কিন্তু আগামী ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের একটি বিষয় অনুমোদন পাওয়ার সময় ও সুযোগ দুটোই কম।
গেটস বলেন, "এটি এমন একটি ইস্যু যা নতুন প্রশাসনকে শুরুর দিকেই সুরাহা করতে হবে।"
আগামী বছরের ২০ জানুয়ারিতে প্রেসিডেন্ট বুশ ক্ষমতা ছাড়ার আগে গুয়ান্তানামো বন্ধ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে গেটস বলেন, "দু:খজনক হলেও, সেটা হচ্ছে না।"
বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার এবং মানবাধিকার সংগঠনগুলো এই বন্দিশিবির এবং এর বিচারিক ব্যবস্থার তীব্র সমালোচনা করে আসছে। এমনকি যুক্তরাষ্ট্রের মিত্ররাও এর সমালোচনা করে বলেছে, আন্তর্জাতিক আইনের মানদণ্ড অক্ষুন্ন রাখতে পারেনি গুয়ান্তানামোর বিচার ব্যবস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২০ ঘ.
bdnews24