২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে সাম্প্রতিক সহিংসতায় ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত

সুদানের গোলযোগপূর্ণ দারফুর প্রদেশের উত্তরাঞ্চলে গত মাসে সহিংসতা বেড়ে যাওয়ায় কমপক্ষে ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তা শনিবার জানিয়েছেন, বাস্তুচ্যুতদের অনেকেই খাবার ও পানি সংকটে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 11:59 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

খার্তুম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের গোলযোগপূর্ণ দারফুর প্রদেশের উত্তরাঞ্চলে গত মাসে সহিংসতা বেড়ে যাওয়ায় কমপক্ষে ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তা শনিবার জানিয়েছেন, বাস্তুচ্যুতদের অনেকেই খাবার ও পানি সংকটে আছে। উত্তর দারফুরে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক প্রধান সমন্বয়কারী গ্রেগরি অ্যালেক্স জানিয়েছেন, বিরমাজা ও দিশা এলাকায় সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের পর প্রায় ৪০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এছাড়া, উপজাতি সংঘাতসহ বিভিন্ন ধরনের সহিংসতায় বাকীরা বাস্তুচ্যুত হয়েছেন বলে এল ফেসার থেকে এক টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে জানান তিনি। অ্যালেক্স বলেন, "বাস্তুচ্যুতদের অনেকেই শুধু সঙ্গে বহন করা যায় এমন সম্পদ নিয়েই পালাতে বাধ্য হয়েছে। কিন্তু তারা সঙ্গে যেটুকু সম্পদ নিয়ে এসেছিল তা সব ইতোমধ্যেই শেষ হয়ে গেছে।" তিনি আরও বলেন, "বাড়িঘর ছেড়ে আসা মানুষগুলো এখন সম্পূর্ণ সহায়-সম্বলহীন অবস্থায় দিন যাপন করছে। তারা যতদিন এভাবে বাড়িঘর ছেড়ে থাকতে বাধ্য হবে সমস্যা তত ভয়াবহ আকার ধারণ করবে।" তিনি এর আগে উত্তর দারফুর থেকে বাস্তুচ্যুতদের সংখ্যা ৫০ হাজার বলে জানিয়েছিলেন। বিদ্রোহী গ্র"পগুলো জানিয়েছে, গত মাসে সরাকারি বাহিনী ও তাদের সহযোগী যোদ্ধারা উত্তর দারফুরে তাদের অবস্থানে ধারাবাহিকভাবে স্থল ও বিমান হামলা চালিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তাদের সদস্যরা অনেক বিদ্রোহী এলাকায় ঢুকে পড়েছে। তবে তারা শুধু সড়ক পথগুলোতেই টহল দিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা জানিয়েছেন, দারফুরে ২০০৩ সালে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় দু'লাখ মানুষ নিহত ও ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে খার্তুমের দাবি, নিহতের সংখ্যা এক লাখ হতে পারে এবং আন্তর্জাতিক গণমাধ্যম এই সংকটকে অতিরঞ্জিত করে প্রচার করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪৫ ঘ.